২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ট্যাক্স কমানোর সুপারিশ

এর পাশাপাশি অপ্রদর্শিত আয় বৈধের সুযোগ অব্যাহত রাখার পক্ষেও মত জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানোর সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর পাশাপাশি অপ্রদর্শিত আয় বৈধ করার বর্তমান সুযোগ অব্যাহত রাখার পক্ষেও মত দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবের প্রায় এক মাস আগে বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের সুপারিশ করেছে। আগামী ৭ জুন সংসদে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবের কথা রয়েছে। সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, কমিটি কর্পোরেট ট্যাক্স কমানোর সুপারিশ করেছে। বর্তমানে প্রাধিকারভুক্ত কোম্পানির ক্ষেত্রে করের হার ২৭ দশমিক ৫ শতাংশ, প্রাধিকারভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে করের হার ৩৭ দশমিক ৫ শতাংশ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার ৪২ দশমিক ৫ শতাংশ। অপ্রদর্শিত আয়ের বিষয়ে মুস্তফা কামাল বলেন, এই সুবিধা বহাল রাখার সুপারিশ করা হচ্ছে। তবে বর্তমানে ১০ শতাংশ জরিমানা দিয়ে বৈধ করার যে বিধান রয়েছে, তা ১৫ শতাংশ করার প্রস্তাব করছে কমিটি। অপ্রদর্শিত আয়কে কালো টাকা বলতে নারাজ সংসদীয় কমিটির সভাপতি বলেন, “আমরা কালো টাকা সাদা করার পক্ষে নই।” পুঁজিবাজারে মুনাফার (ক্যাপিটাল গেইন) ওপর যে করের যে হার রয়েছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে তা কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটি ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে ২ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছে বলে জানান মুস্তফা কামাল। এছাড়া ব্যক্তিশ্রেণীর করদাতাদের বর্তমান চারটি স্তরের পরিবর্তে তিনটি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকারসহ সবার সঙ্গে বৈঠকের পর বাজেট বিষয়ে সংসদীয় কমিটি সুপারিশ চূড়ান্ত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৬৩৫ ঘ.