২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু চাইলে বিশ্ব ব্যাংকও তদন্ত করতে পারে: কাদের

পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত রাখার সিদ্ধান্ত বর্তমান সরকারের মেয়াদ অতিক্রম করলে সরকারও বসে থাকবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত রাখার সিদ্ধান্ত বর্তমান সরকারের মেয়াদ অতিক্রম করলে সরকারও বসে থাকবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্বব্যাংক এ প্রকল্পে দুর্নীতির জন্য দায়ী ব্যক্তির নামসহ দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ অর্থমন্ত্রীর হাতে দিয়েছেন- এমন খবরের প্রতিক্রিয়ায় যোগাযোগমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে দুর্নীতি তদন্তের সর্বোচ্চ সংস্থা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত করে তারা কোন অভিযোগ পায়নি। তারপরও বিশ্বব্যাংক চাইলে নিজেরাই বিষয়টি আরো তদন্ত করে দেখতে পারে। তিনি বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত রাখার সময়সীমা যদি বর্তমান সরকারের মেয়াদ অতিক্রম করে তাহলে সরকার বসে থাকবে না। জনগণের কাছে পদ্মা সেতুর ব্যাপারে সরকারের প্রতিশ্র“তি রয়েছে। আমাদের এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই।” এ সরকারের মেয়াদেই পদ্ম সেতুর কাজ শুরুর জন্য গত মাসে মালয়েশিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে সরকার। মন্ত্রী বলেন, “মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে। চলতি মাসের শেষ দিকে মালয়শিয়া এ নিয়ে চুক্তির প্রস্তাব দিতে পারে। দুই দেশের সরকারি পর্যায়ে ‘বিল্ট অপারেশন অ্যান্ড ট্রান্সফার (বিওওটি)’ ভিত্তিতে এই সেতু নির্মাণ করা হবে।” বিশ্ব ব্যাংক চাইলে দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়ন করতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা বিশ্বব্যাংক, জাইকাসহ কারো সঙ্গে সংঘাতে জড়াতে চাইনা। কারো অর্থ নেবো না, তা বলছি না। তবে তারা চাইলে দ্বিতীয় পদ্মা সেতুসহ অন্য প্রকল্পগুলোতেও অর্থায়ন করতে পারে। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে গত বছর তা স্থগিত করে দেয়। ফলে এ প্রকল্পের জন্য চুক্তিবদ্ধ অন্য দাতা সংস্থাগুলোর অর্থায়নও আটকে যায়। দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত করে জানায়, তারা পদ্মা প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি। তবে বিশ্বব্যাংক স¤প্রতি তাদের অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে একটি প্রতিবেদন দিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। যাতে বলা হয়েছে, দায়ী ব্যক্তিদের নামসহ দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণও দিয়েছে এই দাতা সংস্থা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশে দুর্নীতি তদন্তের সর্বোচ্চ সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা তদন্ত করে এখানে কোনো দুর্নীতি পায়নি। তারপরও কোন দুর্নীতির অভিযোগ আসলে দুদকই তা তদন্ত করে দেখবে।” “তারপরও যদি বিশ্ব ব্যাংকের কোনো নথিপত্র থাকে, সেগুলো পর্যালোচনা করার একমাত্র কর্তৃপক্ষও দুদক। বিশ্ব ব্যাংক চাইলে নিজেরাও বিষয়টি আরো তদন্ত করে দেখতে পারে।” এই প্রকল্পে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেছিলো তাদের কেউ প্রকল্পের সঙ্গে নেই বলে জানান তিনি। কাদের বলেন, “আগের যোগযোগমন্ত্রীকে সরকার সরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট সচিব ও প্রকল্প প্রকল্প পরিচালকসহ (পিডি) কেউ এখানে নেই।” অভিযুক্ত প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, “বাছাই করা পাঁচটি প্রতিষ্ঠানের তালিকায় ‘লাভালিন’-এর নামও ছিল। কিন্তু কানাডায় এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে জানার পর আমরা নিজেরাই এ নামটি প্রত্যাহার করে নিয়েছি। বিশ্বব্যাংককেও এ নাম প্রত্যাহারের বিষয়ে জানানো হয়েছে। আর আমরা পরামর্শক নিয়োগের নাম প্রস্তাব করেছি। সিদ্ধান্ত নেওয়ার মালিক বিশ্বব্যাংক।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন কাদের। বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণের বিষয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। এ প্রকল্পের কাজের জন্য ইতোমধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শিগগির দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে। রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রুটকে দ্বৈত গেজে (ব্রড গেজ ও মিটার গেজ) উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এএল/১৩৩৫ ঘ.