২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আকুর দেনা ৭৩ কোটি ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের দেনা পরিশোধের পর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলারের নিচে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের দেনা পরিশোধের পর কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলারের নিচে নেমে এসেছে। মঙ্গলবার রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বুধবার আকুর ৭৩ কোটি ২০ লাখ ডলার আমদানি বিল পরিশোধের পর তা ৯ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এবার আকুর দেনা তুলনামূলকভাবে কম শোধ করা হয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদে ৮৯ কোটি ২০ লাখ ডলার শোধ করা হয়েছিল। এর আগে গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদে আকুর দেনা সর্বোচ্চ ৯৯ কোটি ৩০ লাখ ডলার শোধ করা হয়েছিল। নভেম্বর-ডিসেম্বর মেয়াদে করা হয়েছিল ৯৭ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশসহ আকুর সদস্য দেশের সংখ্যা আট। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ব্যাংক প্রতি দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদে আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। আগের মেয়াদে অর্থ্যাৎ নভেম্বর-ডিসেম্বর সময়ে আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ ৮ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২৩০ ঘ.