ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক হিসাব জব্দের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী বলেছেন, ব্যক্তিগত হিসাবে বকেয়া করের একটি কিস্তি পরিশোধে ব্যর্থতাই এর কারণ হতে পারে।
মঙ্গলবার একটি পত্রিকায় খবর প্রকাশিত হয় যে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে শাকিল রিজভীর সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ব্যাংক হিসাব জব্দের খবরটি তিনি সংবাদপত্র পড়েই জেনেছেন।
“আমার ব্যক্তিগত হিসাবে কর বকেয়া ছিল। তার একটা কিস্তি ৩০ এপ্রিল পরিশোধ করার কথা ছিল। সেটা দেরি হওয়ায় ব্যাংক হিসাব জব্দ করা হতে পারে।”
মঙ্গলবার কিস্তি পরিশোধ করেছেন জানিয়ে শাকিল আশা প্রকাশ করেছেন, শিগগিরই তার ব্যাংক হিসাবগুলো খুলে দেওয়া হবে।
“আমার বকেয়া করের কিস্তি এপ্রিলের পরিবর্তে জুনে পরিশোধ করার জন্য এনবিআরকে মৌখিকভাবে জানিয়েছিলাম। জুনে পরিশোধ করলেই হবে, এরকম ভেবে এপ্রিলে কিস্তি দেওয়া হয়নি,” বলেন তিনি।
এই বকেয়া করের সঙ্গে তার মালিকানাধীন প্রতিষ্ঠান শাকিল রিজভী স্টকের কোনো সম্পর্ক নেই বলেও জানান শাকিল।
শাকিল রিজভী ২০১০ সালের মার্চ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ডিএসই সভাপতির দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/০১০১ ঘ.
bdnews24