ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের সরকারি সিদ্ধান্তের এক সপ্তাহ পর মাঠ পর্যায়ের সব কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে খাদ্য অধিদপ্তর।
মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে নির্দিষ্ট কার্যালয়ের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
গত ৩০ এপ্রিল খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ৩ মে থেকে সরকারি উদ্যোগে ধান ও চাল কেনা শুরুর সিদ্ধান্ত হয়।
ব্যয় বিবেচনায় তিন টাকা লাভ ধরে ২৮ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকায় ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার। মে মাসে শুরু হওয়া এ খাদশস্য সংগ্রহ অভিযান আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্ধান্ত হলেও বিভিন্ন প্রক্রিয়া শেষেই ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করতে হয়। এজন্য প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে।
চিঠি ইতোমধ্যে তাদের কাছে পৌছেছে বলেও দাবি করেন তিনি।
মহাপরিচালক জানান, স্থানীয়ভাবে জেলা ও উপজেলা পর্যায়ের খাদ্যশস্য সংগ্রহ বিষয়ক কমিটি সভা করে প্রস্তুতি চূড়ান্ত করেছে। আগামী সপ্তাহ থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৪১ ঘ.
bdnews24