ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, “হরতালে দেশের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয় না। তবে হরতাল বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করে।”
হরতালে সহিংসতার কারণে ‘কিছু ক্ষতি’ হলেও আগামীতে তাও হবে না বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির এই নেতা।
কাদের বলেন, “বাংলাদেশের সঙ্গে যারা ব্যবসা করেন- তারা এখন এটা বুঝেছেন যে হরতাল কোনো সমস্যা নয়। পরিবহনে কিছু সমস্যা হলেও বিকল্প ব্যবস্থা রয়েছে।”
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের রপ্তানিজাত পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে না পারলে অর্থনীতি হুমকির মুখে পড়বে ।
“বাংলাদেশ সীমিত কিছু দেশে সীমিত কিছু পণ্য রপ্তানি করে। আমদানিকারক দেশগুলো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত না করতে পারলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে।”
বাণিজ্য ঘাটতিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বড় অন্তরায় হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, “গত অর্থবছরে বাণিজ্য ঘাটতি ৯ বিলিয়ন ডলার থাকলেও চলতি অর্থবছরে তা ১০ থেকে ১২ বিলিয়ন ডলার হয়ে যেতে পারে।”
বর্তমানে বাংলাদেশ থেকে ১৬০ ধরনের পণ্য রপ্তানি হয় জানিয়ে কাদের বলেন, “এই সংখ্যা একেবারেই কম। তবে সম্ভাবনাময় খাত হিসাবে জাহাজ নির্মাণ শিল্প, চামড়া ও চামড়াজাত দ্রব্য এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী খাত উঠে আসছে।”
সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও কানাডার পাশাপাশি নতুন গন্তব্য হিসাবে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও জাপানে রপ্তানি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বাণিজ্যমন্ত্রী জানান।
এর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়- সেদিকেও সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
‘দ্রব্যমূল্য স্বাভাবিক’
বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন, বর্তমানে দ্রব্যমূল্য ‘স্বাভাবিক’ অবস্থায় রয়েছে।
“কিছু পণ্যের মূল্য নিয়ন্ত্রণের সুযোগ কয়েকজন ব্যবসায়ীর হাতে থাকলেও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তদারকির কারণে তারা তা করতে পারছে না। এ কারণেই বর্তমানে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে।”
তবে বাজার কারসাজি নিয়ন্ত্রণে শক্তিশালী আইন করা জরুরি বলে মন্তব্য করেন মন্ত্রী।
জি এম কাদের বলেন, “দেশে এ সংক্রান্ত কোনো কঠোর আইন নেই। তবে আগামী বাজেট অধিবেশনে প্রতিযোগিতা আইন (কম্পিটিশন অ্যাক্ট) পাস হয়ে গেলে কারসাজির সুযোগ বন্ধ হয়ে যাবে।”
অর্থনৈতিক সমস্যা, গোডাউন স্বল্পতাসহ টিসিবির বেশ কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “মন্ত্রণালয় এসব সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি জানান, অন্য বছরের মতো এবারো আসন্ন রমজান মাসে চিনি, ছোলা, ভোজ্যতেল ও খেঁজুর ন্যায্য দামে সরবরাহের ব্যবস্থা করবে টিসিবি। নিুবিত্তের মানুষের জন্য খোলাবাজারে চাল বিক্রির ব্যবস্থা করা হবে।
বার্ড ফ্লুয়ের কারণে সম্প্রতি ডিমের মূল্য কিছুটা বাড়লেও বিষয়টি সরকারের নজরদারিতে রয়েছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, “যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা ক্ষতি পুষিয়ে নিতে দাম বাড়িয়েছে। আমার মনে হয় ক্রেতাদের এ সুযোগ দেওয়া উচিৎ।”
তবে লবণের মূল্য বৃদ্ধির বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কিউএইচ/জেকে/১৬৪২ ঘ.
bdnews24