২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রাস্তায় চালু হচ্ছে ৩৩টি দোতলা বাস

ভারত থেকে আমদানির প্রক্রিয়ায় থাকা ২৯০টি দোতলা বাসের মধ্য হতে ৩৩টি বাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আনা বিআরটিসির দোতলা বাসের প্রথম চালান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবালের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, ভারত থেকে আমদানির প্রক্রিয়ায় থাকা ২৯০টি দোতলা বাসের মধ্য হতে ৩৩টি বাস চালু হল। এগুলো ঢাকার বিভিন্ন রুটে চলবে। বাকি বাসগুলো শিগগিরই বিআরটিসির বহরে যুক্ত হবে। এছাড়াও ১০০টি শীতাতপ নিয়ন্ত্রিত ও ৫০টি আর্টিকুলেটেড বাস ভারত হতে আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। আগামীতে ৫০০টি ট্রাকও বিআরটিসির বহরে যুক্ত হবে। শেখ হাসিনা বলেন, “বিআরটিসি জনগণের সেবা করার জন্য। আমার চিন্তা হলো, কী ভাবে দেশের নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষের যোগাযোগ সহজ করা যায়, কম খরচে তাদের যোগাযোগ নিশ্চিত করা যায়।” এ সময় রেল ও নৌ-পথের ওপরও সরকারের সর্বোচ্চ গুরুত্বের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। ১০০ কোটি ডলার ঋণের মধ্যে ২০ কোটি ডলার অনুদান হিসাবে গণ্য করায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই অর্থ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা বাড়ানোর কাজে ব্যবহার করা হবে।” “আমাদের দেশে অনেক রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো মেরামত করে চলাচলের উপযোগী করতে হবে এবং থেমে থাকা উন্নয়ন কাজগুলো শেষ করতে হবে”, যোগ করেন তিনি। ঢাকা-কাঠমুণ্ডু-ঢাকা, ঢাকা-শিলং-ঢাকা এবং ঢাকা-গোহাটি-ঢাকা রুটে বাস সার্ভিস চলাচলের বিষয়েও আলোচনা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ঘরের দরজা বন্ধ করে উন্নয়ন সম্ভব নয়। আমরা কুনমিং পর্যন্ত আঞ্চলিক যোগাযোগকে স¤প্রসারণ করতে চাই।” বিআরটিসি বন্ধ করতে দাতা সংস্থাদের চাপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “৯৬-এ আমরা সরকার গঠনের পর দাতা সংস্থার পরামর্শ ছিল বিআরটিসি বন্ধ করে দেওয়ার। পূর্ববর্তী সরকার চুক্তিই করে ফেলেছিলো, বিআরটিসি বন্ধ করে দেবে। আমি বলেছিলাম, বিআরটিসি বন্ধ হবে না। সাধারণ মানুষ কিসে চলবে?” ৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ৫০টি ভলভো বাস আমদানির বিসয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “পরবর্তী সরকার দীর্ঘদিন ধরে এ বাসগুলোর কোনো রক্ষনাবেক্ষণ ও মেরামত করেনি। ফলে একের পর এক ভলভো বাস অকেজো হয়ে যায়। জোট সরকারের আমলে বিআরটিসি লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত হয়।” বিআরটিসির দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সঞ্জয় ভট্টাচার্য, সড়ক বিভাগের সচিব এম এন সিদ্দিকী ও বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫৪৯ ঘ.