আগরতলা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত হাট চালুর আগে অবকাঠামো উন্নয়নের জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ জরিপ শুরু করতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা।
ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য ও অবকাঠামো মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, “দুই দেশের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শুল্ক কর্মকর্তাদের নিয়ে আগামী ৯ জুন এই যৌথ জরিপ শুরু হবে। মূলত সীমান্ত এলাকার অবকাঠামো পরিস্থিতিই পর্যবেক্ষণ করা হবে এই জরিপে।”
তিনি জানান, দুই দেশের কর্মকর্তরা সীমান্ত হাটের জন্য প্রস্তাবিত স্থানগুলো ঘুরে দেখবেন এবং সংশ্লিষ্ট এলাকার সড়কসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য পরামর্শ দেবেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্তের সাতটি স্থল শুল্ক স্টেশনও পরিদর্শন করবেন দুই দেশের কর্মকর্তারা। এর মধ্যে চালু চারটি শুল্ক স্টেশন দিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় তিনশ’ কোটি রুপির পণ্য যাওয়া-আসা করেছে।
জিতেন্দ্র চৌধুরী জানান, ত্রিপুরা রাজ্য সরকার এই সীমান্তের সাতটি স্থানে হাট বসানোর প্রস্তাব দিলেও বাংলাদেশ ও ভারত সরকার চারটি হাট অনুমোদন করে। পশ্চিম ত্রিপুরার কসবা, উত্তর ত্রিপুরার রাঘনা ও কমলপুর এবং দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরে এই হাটগুলো হবে।
“প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হলে দুই দেশের সীমান্ত দিয়ে বাণিজ্যের পরিমাণ এখনকার তুলনায় পাঁচ থেকে ছয়গুণ বাড়ানো সম্ভব”, বলেন তিনি।
আন্তর্জাতিক সীমান্ত রেখার পাঁচ কিলোমিটারের মধ্যে স্থাপিত এসব হাটে কৃষিপণ্য, শাকসব্জি, মাছ ও শুঁটকি, মসলা, হাঁস-মুরগি ও ডিম, দুধ, আসবাবপত্র, তাঁতের কাপড়, বাঁশ ও বেতের সামগ্রীসহ বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবেন দুই দেশের মানুষ।
সপ্তাহে এক বা দুইবার বসবে এই হাট। বেচাকেনা চলবে দুই দেশের মুদ্রাতেই। এজন্য কোনো শুল্ক বা কর প্রযোজ্য হবে না। তবে একজন সর্বোচ্চ ৫০ ডলার সমপরিমাণ টাকার পণ্য কিনতে পারবেন।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সীমান্তে হাট চালুর বিষয়ে মতৈক্য হয় দুই দেশের মধ্যে। পরে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে সময় বলা হয়েছিল, সীমান্ত হাট দিয়ে দুই দেশের মধ্যে বছরে ২ কোটি ডলারের ব্যবসা সম্ভব।
তবে কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের মাঝে কালাইরচর সীমান্তের ‘জিরো পয়েন্টে’ চালু হওয়া প্রথম সীমান্ত হাট তেমন একটা সাড়া ফেলতে পারেনি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের মন্ত্রী আনন্দ শর্মা গত বছর ২৩ জুলাই ওই হাটের উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.
bdnews24