ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় ‘ইন্দিরা গান্ধী স্বর্ণ স্মারক ২০১১’ গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সোমবার সন্ধ্যায় কলকাতায় এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর মিলনায়তনে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যারন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি আতিউর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন।
মানবিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক পল্লব সেনগুপ্ত ও মহাসচিব মিহির কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন গভর্নর আতিউর রহমান।
ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের বছর, অর্থাৎ ১৯৮৫ সাল থেকে এশিয়াটিক সোসাইটি এ সম্মাননা দিয়ে আসছে।
দক্ষিণ আফ্রিকার নেলসন মেন্ডেলা, কিউবার ফিদেল কাস্ত্রো, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভারতের মাদার তেরেসা, অমর্ত্য সেন, মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সম্মাননা পেয়েছেন।
আতিউর রহমান বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে অবদান রাখার জন্যে ২০১০ সালে শেলটেক পুরস্কার এবং এ বছর নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী জাতীয় পুরস্কার পেয়েছেন।
৯ মে দুপুর সাড়ে ১২টায় গভর্নর ঢাকা ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২১০৫ ঘ.
bdnews24