আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক হলেও অর্থায়ন স্থগিত রাখা বিশ্ব ব্যাংকের ঋণেই পদ্মা সেতু নির্মাণের আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা থেকে ফিরে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্ব ব্যাংকের বিষয়ে নিজের আশার কথা জানান।
অর্থমন্ত্রী একইসঙ্গে বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার নিরসন জুনের আগে হবে না; যদিও নভেম্বরেই পদ্মা প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দিয়ে আসছেন তিনি।
ম্যানিলায় এডিবির প্রেসিডেন্ট এবং জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানিয়ে মুহিত বলেন, “দুটি বৈঠকেই আমি আমাদের সরকারের অবস্থান ব্যাখ্যা করেছি। তাদের আমি বলেছি, পদ্মা সেতুতে কোনো ধরনের দুর্নীতি হয়নি। বিশ্ব ব্যাংক যে অভিযোগ করছে তা কল্পনাপ্রসূত।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতুতে এডিবি ৬১ কোটি এবং জাপান ১৪ কোটি ডলার ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক।
মুহিত বলেন, “তারা নিজেরাই পদ্মা সেতুর বিষয়টি নিয়ে সুরাহা করতে রাজি হয়েছে। আমি আশাবাদী, এবার একটা সুরাহা হবে এবং তা আমাদের জন্য ইতিবাচকই হবে। তবে আমার মনে হয় না, জুনের আগে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে।”
বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে পদ্মা প্রকল্প আটকে যাওয়ার পর গত মাসে মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।
বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা কাটার মধ্যে মালয়শিয়ার সঙ্গে আলোচনা কোন পর্যায়ে থাকবে- প্রশ্ন করা হলে মুহিত বলেন, “আমরা এখনো সবার সঙ্গেই কথা বলছি, সবার সঙ্গেই আমাদের কথা চলবে, কোনোটিই থেমে থাকবে না।”
“আমি আগেও বলেছি, মালয়শিয়ার সঙ্গে এমওইউ স্বাক্ষর হয়েছে মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। অন্য কোনো ভালো পথ পাওয়া গেলে আমরা অবশ্যই সেই পথ বেছে নেব,” যোগ করেন তিনি।
অনেক বিশ্লেষক বলছেন, বিশ্ব ব্যাংক ও অন্য সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে সেতু নির্মাণ করলে সে ঋণের সুদের হার হবে ১ শতাংশ এবং কমপক্ষে ১০ বছর সেই ঋণের কোনো কিস্তি শোধ করতে হবে না।
অন্যদিকে মালয়শিয়ার অর্থে সেতু নির্মাণ করলে সুদের হার হবে ৬ শতাংশের বেশি। এক বছর যেতে না যেতেই ঋণের কিস্তি শোধ করতে হবে।
এডিবির বার্ষিক সভায় যোগ দিতে বুধবার ফিলিপিন্স যান অর্থমন্ত্রী। ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তরে ৩-৫ মে এর বার্ষিক সভা হয়। শনিবার রাতে মন্ত্রী ঢাকায় ফেরেন।
মুহিত বলেন, “এডিবির বার্ষিক সভা নীতি-নির্ধারণী সভা হলেও আমি সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের কাছে পদ্মা সেতুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি।”
সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করতে সরকারের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব ব্যাংক সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুর্নীতির অভিযোগ তুলেছে।
বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগের তদন্ত করে দুর্নীতি দমন কমিশন বলেছে, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রাক-যোগ্যতা নির্ধারণী প্রক্রিয়ায় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
অন্যদিকে বিশ্ব ব্যাংক বলেছে, তারা এই বিষয়ে কানাডার তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে।
বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে এডিবি ও জাপান অর্থায়ন করবে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আলোচনা এখনো সেই পর্যায়ে আসেনি। তারা সবাই মিলেই অর্থায়ন করতে চায় এবং এক সঙ্গেই সিদ্ধান্ত নিতে চায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮২৫ ঘ.
bdnews24