ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরেরও বেশি সময় পর মূল্যস্ফীতি এক অংকের ঘরে নেমে এসেছে। এপ্রিল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারী) মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক শাজাহান আলী মোল্লা শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। মার্চে তা ছিল ৮ দশমিক ২৮ শতাংশ।
আর খাদ্য বহিভূর্ত খাতে মার্চে ১৩ দশমিক ৭৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, মার্চে যার হার ছিল ১৩ দশমিক ৯৬ শতাংশ।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ৯.৭৯ শতাংশ। মার্চ মাসে তা বেড়ে ১০.৪৯ শতাংশে ওঠে। এর পর মূল্যস্ফীতি দুই অংকের ঘরেই ছিল, যা এবার এক অংকে নামল।
শাজাহান আলী বলেন, “চাল, মসলা ও অন্যান্য খাদ্য সামগ্রীর দাম কমার কারণে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমেছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালের মে থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত সময়ে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ। আগের বছর একই সময়ে (মে ১০-এপ্রিল ১১) তা ছিল ৮.৫৮ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে ধরা হয়েছে।
শাজাহান মোল্লা বলেন, বিবিএস ১৯৭৩ সাল থেকে প্রতি মাসে মাঠ পর্যায় থেকে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে আসছে। সংগৃহীত উপাত্তগুলো বিশ্লেষণ করে ভোক্তার মূল্য সূচকসমূহ (জাতীয়, পল্লী ও শহর) এবং মূল্যস্ফীতির হার হিসাব করে থাকে।
মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য ও খাদ্য বহির্ভূত- এ তিন ভাগে আলাদাভাবে প্রকাশ করা হয় বলে জানান তিনি।
বাজারে জিনিসপত্রের দাম না কমলেও মূল্যস্ফীতি কমছে কেন- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে বিবিএস মহাপরিচালক বলেন, “মূলতঃ চালের দাম কমার কারণেই মূল্যস্ফীতি নিম্নমুখি হয়েছে।”
১৯৯৫-৯৬ বছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করা হয়েছে।
খুব শিগগিরই ২০০৫-০৬ বছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে বলে জানান শাজাহান মোল্লা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এপ্রিলে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২১ শতাংশ। মার্চ মাসে এ হার ছিল ৯ দশমিক ৪০ শতাংশ।
এপ্রিলে গ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ, যা মার্চে ছিল ৭ দশমিক ২১ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছে ১৩ দশমিক ২৫ শতাংশ। মার্চে এই হার ছিল ১৪ দশমিক ১৭ শতাংশ।
এপ্রিলে শহরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৭৭ শতাংশ। মার্চে ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ।
শহরে এপ্রিল মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১০ দশমিক ৭২ ও ১৩ দশমিক ২৫ শতাংশ। মার্চ মাসে যা ছিল ১০ দশমিক ৮০ ও ১৩ দশমিক ৪২ শতাংশ।
মূল্যস্ফীতির তুলনায় মজুরির হার বেশি বাড়ছে দাবি করে শাজাহান মোল্লা বলেন, “এপ্রিল মাসে মজুরির হার বেড়েছে ১৩ দশমিক ৬৩ শতাংশ। মার্চ মাসে বেড়েছিল ১২ দশমিক ৬৩ শতাংশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, “কয়েক দিন আগে আমি গ্রামে (নাগরপুর) গিয়েছিলাম। সেখানে এখন বোরো ধান কাটা হচ্ছে। কিন্তু কৃষকরা বেশি টাকা দিয়েও ধান কাটা ও মাড়াই করার লোক পাচ্ছে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৫৫৫ ঘ.
bdnews24