২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের টাকা ব্যবহারে স্বচ্ছতা জরুরি: ওকাদা

জাপানের দেওয়া ঋণ-সহায়তার অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘দুর্নীতিবিরোধী কার্যক্রম’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সে দেশের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের দেওয়া ঋণ-সহায়তার অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘দুর্নীতিবিরোধী কার্যক্রম’ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সে দেশের উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা। বাংলাদেশে দুই দিনের সফর শেষে শুক্রবার কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, চলমান দুর্নীতিবিরোধী পদক্ষেপগুলো ফলপ্রসূভাবে চালিয়ে নেওয়া হলেই জাপানি করদাতাদের অর্থ বাংলাদেশের উন্নয়নে সর্বোচ্চভাবে ব্যবহার করা সম্ভব হবে। সরকারি তথ্য অনুযায়ী, জাপান এ পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে ঋণ-সহায়তা হিসাবে ১০ বিলিয়ন ডলার দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওকাদা বলেন, জাপান পদ্মা সেতু প্রকল্পে এককভাবে অর্থায়ন করবে না। এ বিষয়ে আগে বিশ্বব্যাংকের সঙ্গে ‘বিরোধ’ মিটিয়ে ফেলার পরামর্শ দেন তিনি। বিশ্ব ব্যাংক ২.৯ বিলিয়ন ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে তা স্থগিত করে দেয়। ফলে এ প্রকল্পে অর্থায়নের জন্য চুক্তিবদ্ধ এডিবি, আইডিবি ও জাপান সরকারের সংস্থা জাইকাও অর্থ ছাড়ের বিষয়টি স্থগিত করে। এই অচলাবস্থার মধ্যেই সরকার সম্প্রতি পদ্মা সেতু প্রকল্পের জন্য মালয়েশিয়া সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে। ওকাদা বলেন, বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেললে জাপান তাদের ঋণ ছাড়ের উদ্যোগ নিতে পারে। মেট্রো রেল ও বিনিয়োগ ঢাকায় মেট্রোরেল প্রকল্পে জাপানের অর্থয়নের সিদ্ধান্তের বিষয়ে নতুন কোনো তথ্য জানাতে পারেননি ওকাদা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানি উপ-প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্পে অর্থায়নের বিষয়টি তার সরকারের বিবেচনাধীন। প্রকল্পের খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। রাজধানীর অসহনীয় যানজট নিরসনে বৃহৎ এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হলেও অবকাঠামো সমস্যা, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে তারা পিছিয়ে যান বলে জানান কাতসুয়া ওকাদা। তিনি বলেন, বাংলাদেশে অবআঠামোগত উন্নয়ন হলে জাপানি বিনিয়োগ পাওয়া অনেক সহজ হবে। মানবাধিকার এক প্রশ্নের জবাবে জাপানি উপ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে ‘কিছু সমস্যা’ আছে বলেই তিনি মনে করেন। “এ সমস্যাগুলো স্থানীয়ভাবে নিজেদেরকেই সমাধান করতে হবে”, বলেন তিনি। দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন উপ-প্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা। এই দুই দিনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। শুক্রবার দুপুরে বিমানবন্দরে তাকে বিদায় জানান খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/জেকে/১৭৪৫ ঘ.