ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসী বাংলাদেশীরা সাড়ে ১০ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে।
যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক বিলিয়ন ডলার বা ১০ দশমিক ৪১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রেমিটেন্স প্রবাহের এ ইতিবাচক ধারায় সন্তোষ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “অর্থবছর শেষে রেমিটেন্সের পরিমাণ ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের নেয়া নানা পদক্ষেপে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠানোয় এটা সম্ভব হয়েছে।”
কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিার জুলাই-এপ্রিল সময়ের রেমিটেন্সের তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী, এই ১০ মাসে প্রবাসীরা মোট ১০ দশমিক ৬১ বিলিয়ন (এক হাজার ৬১ কোটি) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।
সর্বশেষ এপ্রিল মাসে ১০৮ কোটি ২৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে। যা গত বছরের এপ্রিল মাসের চেয়ে ৮ শতাংশ বেশি।
গত অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ৯ দশমিক ৬১ বিলিয়ন (৯৬১ কোটি ৩০ লাখ) ডলার রেমিটেন্স এসেছিল। প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ।
গত অর্থবছরের (২০১০-১১) পুরো সময়ে ১১ দশমিক ৬৫ বিলিয়ন (এক হাজার ১৬৫ কোটি) ডলার রেমিটেন্স এসেছিল। প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ।
এবার প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি হবে বলে জানিয়েছেন আতিউর রহমান।
এদিকে রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ২ বিলিয়ন (এক হাজার ২০ কোটি) ডলার।
মাস দুয়েক আগে রিজার্ভ ৯ দশমিক ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক বিলিয়ন ডলার ইতিএফ (বর্ধিত ঋণ সহায়তা)- এর ১৪ কোটি ১০ লাখ ডলার যোগ হওয়ায় এবং রেমিটেন্স প্রবাহ বাড়ায় রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করছে।
তবে আগামী সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মার্চ-এপ্রিল) আমদানি দেনা পরিশোধের পর রিজার্ভ আবার ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে বলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের মাধ্যমে ৩২ কোটি ৮৫ লাখ ডলার রেমিটেন্স এসেছে।
দুটি বিশেষায়িত ব্যাংক কৃষি ব্যাংক ও বেসিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৯ লাখ ডলার।
৩০টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭২ কোটি ৭৩ লাখ ডলার।
আর নয়টি বিদেশী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৮২ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/সিএস ১৯৩৭ঘ.
bdnews24