চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইস্পাত শিল্প ও বিদুৎ খাতে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে কোরিয়ান প্রতিষ্ঠান এলজি ইন্টারন্যাশনাল কর্পোরেশন।
বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহাবুবুল আলমের সঙ্গে বৈঠকে এলজির সিঙ্গাপুর-মালয়েশিয়া-ফিলিপাইন্স অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লি হুন-জায়া এ কথা বলেন বলে জানান চেম্বার সচিব ওসমান গনি চৌধুরী।
তবে কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে এ যৌথ বিনিয়োগ হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি এলজির কর্মকর্তা।
লি হুন বলেন, “কোরিয়ান উদ্যোক্তারা কৌশলগত কারণে চট্টগ্রামে বাণিজ্য ও বিনিয়োগে ক্রমশ আগ্রহী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় এলজির উর্ধ্বতন কর্মকর্তারা শিগগির চট্টগ্রামে এসে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করবে।”
এ সময় চট্টগ্রামে জ্বালানি, চামড়া, পর্যটন, কৃষি, বস্ত্র ও অবকাঠামো খাতে একক বা যৌথ বিনিয়োগের জন্য কোরিয়ান উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান মাহাবুবুল আলম।
বৈঠকে চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম, অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোরশেদ আরিফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৮৪৯ ঘ.
bdnews24