ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আইন করে হরতাল বন্ধ করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
‘নিখোঁজ’ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দুই দফায় বিএনপির পাঁচ দিনের হরতালের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ব্যবসায়ীরা বৃহস্পতিবার এ দাবি জানালেন।
এর আগের দিনই রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন এফবিসিসিআইয়ের সাবেক কয়েকজন সভাপতি ও বর্তমান সভাপতি। রুদ্ধদ্বার ওই সভায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন।
মতিঝিলে এফবিসিসিআই ভবনে বৃহস্পতিবার সংগঠনের পরিচালনা পর্ষদের সভা হয়।
এরপর এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, “আমরা চাচ্ছি, সংসদে সবার প্রতিনিধিত্বে চিরতরে হরতাল বন্ধে আইন পাস করা হোক।
“আমরা দেখেছি, বেশিরভাগ মানুষই হরতাল পছন্দ করে না। কিন্তু যেভাবে হরতাল হচ্ছে, লোক মারা যাচ্ছে-এভাবে চলতে পারে না।”
রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ ব্যাহত হচ্ছে উল্লেখ করে আজাদ বলেন, প্রয়োজনে তারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
পরিচালনা পর্ষদের বৈঠকের বিষয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, “আমাদের পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে আদালতে যাওয়া, পেশাজীবীদের সঙ্গে বসা, মৌন মিছিল করা ইত্যাদি।”
এসব প্রস্তাবের ভিত্তিতে একটি কার্যতালিকা প্রণয়ন করে সংগঠনটির সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, গত চার বছরে দেশের অর্থবাজেট ও রাজস্ব আদায় প্রায় দ্বিগুণ হয়েছে, রপ্তানি প্রবৃদ্ধি গড়ে ২৫ শতাংশের মতো হচ্ছে, জাপান এখানে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে।
“কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আমাদেরকে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলেছে। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে,” যোগ করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন একে আজাদ।
তিনি বলেন, “এফবিসিসিআই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নয়, একথা আগেই বলা হয়েছে। অনির্বাচিত কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। তবে গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে হতে পারে, তার পথ খুঁজতে রাজি আছি আমরা।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির আসন্ন ঢাকা সফরের সময় তাদের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতার সমাধান চান কি না- এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আজাদ বলেন, “বিদেশি কেউ এসে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক, তাও আমরা চাই না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরআরডি/এমআই/১৮২৪ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স রাজনীতি নিয়ে উদ্যোগী ব্যবসায়ীরা
bdnews24