আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চড়া দামে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবের বিষয়ে আগামী ১৩ মে সিদ্ধান্ত দেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে পিডিবির প্রস্তাব নিয়ে গণশুনানি শেষে এ কথা জানান বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। কমিশনের সদস্য সেলিম মাহমুদ ও ইমদাদুল হকও শুনানিতে ছিলেন।
এর আগে ‘ন্যায্যতা ও ন্যায়-নীতি’ রক্ষার বিবেচনায় পিডিবির এই ধরনের আরেকটি প্রস্তাবে ‘না’ বলেছিল বিইআরসি।
শুনানিতে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বলেন, “জ্বালানি তেলের দাম ক্রমান্বয়ে বাড়ায় তেলভিত্তিক সচল কিছু কেন্দ্র আপাতত বন্ধ রাখতে হচ্ছে। তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু রাখলে ব্যয় অনেক উৎপাদন ও সরবরাহ ব্যয়ের মধ্যে তারতম্য অনেক বেড়ে যাচ্ছে।”
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না দিতে পারায় অনেক শিল্প কারখানায় উৎপাদন কম হওয়ায় দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে বলে পিডিবির এই প্রস্তাব বলে জানান তিনি।
শুনানিতে ভোক্তাদের সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, এভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হলে বৈষম্য সৃষ্টি হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এ ব্যবস্থা চালুর কথা বলা হলেও বিদ্যুৎ সঙ্কট নিরসনে পিডিবির কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের নামে নতুন ‘শ্রেণী’ তৈরি না করে সবাইকে মানসম্মত বিদ্যুৎ সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এ খাতকে টেকসই করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সাংবাদিকদের জানান, এবার বিভিন্ন ‘ভোল্টেজ লেভেলে’ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নতুন একটি মূল্যহার (ট্যারিফ কাঠামো) প্রস্তাব করেছে পিডিবি।
গত ১৫ এপ্রিল জমা দেওয়া একটি প্রস্তাবে এই মূল্যহারকে ‘কিউ’ শ্রেণীর ট্যারিফ কাঠামো হিসাবে উল্লেখ করা হয়েছে।
ইউসুফ হোসেন বলেন, ‘কিউ’ শ্রেণী বলতে ‘কোয়ালিটি পাওয়ার’ অর্থাৎ মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বোঝানো হয়েছে।
বর্তমানে খুচরা বিদ্যুতের মূলহার নির্ধারণে ‘এ’ থেকে ‘জে’ পর্যন্ত নয়টি শ্রেণী রয়েছে।
পিডিবির প্রস্তাবটি বিবেচনার ইঙ্গিত দিয়ে বিইআরসির চেয়ারম্যান বলেন, “প্রস্তাবকারী ও ভোক্তাদের বক্তব্য শোনা হয়েছে। এ ব্যাপারে আগামী ১৩ মে সিদ্ধান্ত জানানো হবে।”
তবে এ বিষয়ে কারও কোনো মতামত বা সুপারিশ থাকলে তা আগামী ৮ মের মধ্যে কমিশনের কাছে লিখিতভাবে জানানো কথা বলেছেন চেয়ারম্যান।
পিডিবি এই প্রস্তাব পাঠানোর আগে গত ১০ এপ্রিল বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বৈঠকে বেশি দামে শিল্প ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত হয়।
পিডিবির প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন শ্রেণীর খুচরা গ্রাহক (রপ্তানিমুখী প্রতিষ্ঠান, শিল্প কারখানা) প্রকৃত উৎপাদন মূল্যে বা তার চেয়ে বেশি দামে হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার আগ্রহ দেখাচ্ছে।
“এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বাড়তি ব্যয় ওই শ্রেণীর গ্রাহকরা পরিশোধ করলে তরল জ্বালানিতে ব্যয়বহুল উৎপাদন কেন্দ্র চালু রেখে বর্ধিত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।”
প্রস্তাবে ‘কিউ’ শ্রেণীর মূল্যহারে বলা হয়েছে, ৪০০ ভোল্টেজ লাইনের জন্য (আবাসিক) প্রতি ইউনিট বিদ্যুতে ১৩ টাকা ১৫ পয়সা; অনাবাসিক সংযোগে বেশি চাহিদার সময়ে (পিক আওয়ার) ২২ টাকা ১৫ পয়সা ও অফ-পিক সময়ে ১৮ টাকা ১৫ পয়সা এবং ফ্ল্যাট রেটে (যদি পিক কিংবা অফ পিক সময় না ধরা হয়) ১৯ টাকা ১৫ পয়সা।
এছাড়া ১১ কেভি লাইনের জন্য পিক সময়ে ২১ টাকা ১৩ পয়সা, অফ-পিক সময়ে ১৭ টাকা ১৩ পয়সা এবং ফ্লাট রেটে ১৮ টাকা ১৩ পয়সা; ৩৩ কেভি লাইনের জন্য পিক সময়ে ২০টাকা ৫২ পয়সা, অফ-পিক সময়ে ১৬ টাকা ৫২ পয়সা এবং ফ্ল্যাট রেটে ১৭ টাকা ৫২ পয়সা; ১৩২ কেভি লাইনের জন্য পিক সময়ে ১৯ টাকা ৭৩ পয়সা, অফ-পিক সময়ে ১৫ টাকা ৭৩ পয়সা এবং ফ্ল্যাট রেটে ১৬ টাকা ৭৩ পয়সা এবং ২৩০ কেভি লাইনের জন্য পিক সময়ে ১৫ টাকা ২৩ পয়সা, অফ-পিক সময়ে ১৫ টাকা ২৩ পয়সা এবং ফ্ল্যাট রেটে ১৬ টাকা ২৩ পয়সা দর প্রস্তাব করেছে পিডিবি।
বর্তমানে তরল জ্বালানিতে প্রতি ইউনিট বিদু্যুৎ উৎপাদনে ব্যয় হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা। আর গ্যাসে প্রায় ২ টাকা, কয়লায় প্রায় ৫ টাকা এবং জলবিদ্যুতে ১ টাকা ব্যয় হচ্ছে।
এর আগে দেশে প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য গত বছরের ১৬ মে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গড়ে ১৩ টাকা দাম ধরে একটি প্রস্তাব দেয়।
ওই প্রস্তাবের পর গত বছরের ৫ অক্টোবর বিইআরসিতে উম্মুক্ত সভা এবং ১৭ নভেম্বর গণশুনানি হয়।
গণশুনানীতে বিইআরসির আবেদন মূল্যায়ন কমিটির জানায়, সব গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া পিডিবির স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে। এর জন্য আলাদা গ্রাহকশ্রেণী সৃষ্টি করা ন্যায্যতা ও ন্যায়-নীতির পরিপন্থী। ওই বছরের ২২ ডিসেম্বর কমিশনের রায়ে বলা হয়, পিডিবির ওই প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ৩ টাকা ০৫ পয়সা। ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৪ টাকা ২৯ পয়সা এবং চারশ’র বেশি ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ৭ টাকা ৮৯ পয়সা হারে দাম নেয় পিডিবি।
এছাড়া ১১ কেভি, ৩৩ কেভি এবং ১৩২ কেভি লাইনের জন্য বিভিন্ন শ্রেণীর গ্রাহকরা গড়ে সাড়ে পাঁচ টাকা দরে বিদ্যুৎ কিনছে। বর্তমানে ২৩০ কেভি লাইন থেকে বিদ্যুৎ বিক্রি হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24