২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশকে কাজে লাগানোর পরামর্শ

বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেখ শাহরিয়ার জামানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার বাজারে ঢুকতেও তার দেশকে ব্যবহার করতে পারেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 05:06 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

শেখ শাহরিয়ার জামান জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু বাল্টিক অঞ্চলের দেশগুলোই নয়, রাশিয়া ও কাজাখস্তানের বাজারে ঢুকতে বাংলাদেশের ব্যবসায়ীরা বেলারুশকে ব্যবহার করতে পারে বলে মনে করেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক। ঢাকা সফরে আসা বেলারুশের উপরাষ্ট্রপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “পণ্য, সেবা, শ্রম ও পুঁজির আবাধ চলাচলের জন্য বেলারুশ, রাশিয়া ও কাজাখস্তান মিলে ‘একক অর্থনৈতিক অঞ্চল’ গঠন করেছে। বেলারুশে একটি কার্যালয় স্থাপন করে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান এসব দেশের যে কোনো একটিতে কার্যক্রম পরিচালনা করতে পারে।” গত ২৯ এপ্রিল ঢাকায় এসে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র, কৃষি, শিল্প, যোগাযোগ ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আলেইনিক। এছাড়াও বেসরকারি খাতের ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করেন তিনি। তিনি মঙ্গলবার ঢাকা ছাড়েন। আলেইনিক বলেন, “আমরা ব্যবসায়ী পর্যায়ে সহযোগিতায় আগ্রহী এবং কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে আমার দেশ সফর করবে।” তিনি আশা করছেন, ওই সফরে দু’দেশের মধ্যে যৌথ বাণিজ্য পরিষদ (জয়েন্ট কমার্শিয়াল কাউন্সিল) উদ্বোধন করা যাবে। বেসরকারি খাতে সহযোগিতায় দুটি চুক্তি সই হতে পারে বলে আভাস দেন তিনি। ২০১১ সালে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার। এর মধ্যে বেলারুশ থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ১২ কোটি ১০ লাখ ডলার। বেলারুশ থেকে বাংলাদেশ প্রধানত সার, ট্রাক্টর ও কাঁচামাল আমদানি করে এবং তৈরি পোশাক, পাট পণ্য ও তামাক রপ্তানি করে। বাংলাদেশের ওষুধ শিল্পের প্রশংসা করে বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি স্কয়ার ফার্মা ঘুরে দেখেছি। আমি এই খাতে সহযোগিতায় আগ্রহী। কেননা বেলারুশ প্রয়োজনীয় ওষুধের শতকরা ৭০ ভাগ আমদানি করে থাকে।” এবছরের শেষে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) গঠনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। যৌথ উদ্যোগ আলেইনিক বলেন, বাংলাদেশ সরকারের উদার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সম্পর্কে বেলারুশ জানে এবং তার সরকার যৌথ উদ্যোগের মাধ্যমে এ সম্ভাবনা কাজে লাগাতে চায়। তিনি বলেন, “ভারতে আমাদের দু’টি যৌথ উদ্যোগ রয়েছে। কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আমরা বাংলাদেশেও যৌথ উদ্যোগে আগ্রহী।” প্রতিযোগিতামূলক ভিত্তিতে কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদনে বেলারুশের উচ্চতর জ্ঞান ও শিল্প ভিত্তি রয়েছে। কৃষি সহযোগিতা ২০১২ সালের এপ্রিলে পরবর্তী ১২ মাসে বেলারুশ থেকে ৪৫ লাখ টন পটাশ সার আমদানির জন্য বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করেছে। আলেইনিক বলেন, “বাংলাদেশে আমাদের সার রপ্তানি গত আট বছরে ছয়গুণ বেড়েছে। এটাই একটা প্রধান ক্ষেত্র যা নিয়ে দু’দেশের সরকার কাজ করছে। আমি কৃষিমন্ত্রীর (মতিয়া চৌধুরী) সঙ্গে সাক্ষাৎ করে খাদ্য নিরাপত্তা, মজুত ও প্রক্রিয়াকরণ বিষয়ে আলোচনা করেছি। ” তিনি বলেন, “আমি তার কাছে কৃষি সহযোগিতা বিষয়ে একটি খসড়া কাঠামো চুক্তি হস্তান্তর করেছি। যাচাই-বাছাই হওয়ার পরে এটা স্বাক্ষরিত হবে।” ২০ বছর আগে ১৯৯২ সালে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়নি। মে মাসের শেষ দিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বেলারুশ সফরের কথা রয়েছে। বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২৩০০ ঘ.