২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোর সামাজিক কার্যক্রমে ‘সন্তুষ্ট’ অর্থমন্ত্রী-গভর্নর

ব্যাংকগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত বলেন, “ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রমের সুযোগে অনেক দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী শিক্ষার সুযোগ পাচ্ছে। ব্যাংকগুলোকে এ কাজে আরো এগিয়ে আসতে হবে। একইসঙ্গে সমাজের ধনীদেরও সিএসআর কার্যক্রমে আরো বেশি সম্পৃক্ত হতে হবে।” গভর্নর আতিউর রহমান বলেন, ২০০৯ সালে ব্যাংকগুলো সিএসআর কার্যক্রমে ৫৫ কোটি টাকা ব্যয় করেছিল। ২০১০ সালে তা বেড়ে ২৩৩ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে তারা মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ সেনা সদস্যদের পরিবারের পুনর্বাসনসহ কয়েকটি খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি খাতে ২০১১ সালে ব্যাংকগুলো ২১৮ কোটি টাকা ব্যয় করেছে বলে জানান তিনি। গভর্নর বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের ডাকে সাড়া দিয়ে ব্যাংকগুলোর সিএসআর খাতে এই বিশাল কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।” ভবিষ্যতে এ কার্যক্রম আরো বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নিজেদের কর্মীদের ছেলে-মেয়ের শিক্ষার সুযোগ বাড়াতেও ব্যাংকগুলোর প্রতি তিনি অনুরোধ জানান। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক কল্যাণ কার্যক্রমের অংশ হিসেবে ৮৫৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয় ডাচ-বাংলা ব্যাংক। ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। লিখিত বক্তব্যে গভর্নর বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদের এই অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও মানবিক ব্যাংকিংয়ের স্বীকৃতি আসতে শুরু করেছে। আর্থিক অন্তর্ভুক্তিকরণ সূচকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে। স¤প্রতি বিশ্বব্যাংকের ‘ফিনডেক্স’ সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। শ্রীলঙ্কা প্রথম। ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২৩৫০ ঘ.