আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছয়টি গ্যাসক্ষেত্রে ১০টি কূপ উন্নয়নে খননের জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে ১৯ কোটি ৩৫ লাখ ডলারের চুক্তি করেছে সরকার।
পেট্রোবাংলার আশা, উন্নয়ন কার্যক্রম সফল হলে এসব কূপ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ১৯, ২০, ২১, ২২ নম্বর কূপ ও সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের (এসজিএফএল) রশিদপুর গ্যাসক্ষেত্রের ৮ নম্বর কূপ উন্নয়ন করবে গ্যাজপ্রম।
এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বেগমগঞ্জের ৩ নম্বর, শাহাবাজপুরের ৩ ও ৪ নম্বর কূপ, শ্রীকাইলের ৩ নম্বর কূপ এবং সেমুতাংয়ের ৬ নম্বর কূপ উন্নয়ন করবে রাশিয়ার এ কোম্পানি।
বিজিএফসিএলের পক্ষে ভারপ্রাপ্ত সচিব মো. রফিকুল আলম, এসজিএফএল পক্ষে সচিব মো. মাহতাব উদ্দিন ভূঁইয়া, বাপেক্সের পক্ষে মো. আব্দুস সবুর এবং গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বি.ভি (রাশিয়ান ফেডারেশন) এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইউরি স্কক বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই চুক্তিতে সই করেন।
এতে বলা হয়েছে, ঋণপত্র (এলসি) খোলার ২০ মাসের মধ্যে কূপ উন্নয়নের কাজ শেষ করতে হবে।
বিজিএফসিএল ও এসজিএফএল এর অধীন পাঁচটি কূপ উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ডলার। আর বাপেক্সের পাঁচটি কূপ উন্নয়নে ৯ কোটি ৩২ লাখ ডলার ব্যয় হবে বলে ধরা হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ১০টি কূপ উন্নয়ন শেষে ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে।”
গ্যাজপ্রম ঠিকাদার হিসাবে কূপগুলো খনন করছে জানিয়ে তিনি বলেন, “পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠানগুলো প্রতিটি কূপ খনন শেষে অর্থ পরিশোধ করবে।”
চেয়ারম্যান জানান, খননকালে কোনো ধরনের দুর্ঘটনা (ব্লো আউট) ঘটলে গ্যাজপ্রম ক্ষতিপূরণ দেবে। চুক্তির পর তারা কোনো কারণে খনন না করেই চলে যেতে চাইলেও মোট ব্যয়ের পাঁচ শতাংশ ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে।
“উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) ছাড়াই দেশে এই প্রথম এতো বড় চুক্তি হলো। কাজটি দ্রুত করার জন্য বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ এর আওতায় এ চুক্তি হয়েছে।”
চুক্তি সইয়ের আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জ্বালানির খুবই প্রয়োজন। এজন্য জ্বালানির নতুন নতুন উৎস খুজে বের করতে হবে।
এই কূপ উন্নয়ন সফল হলে তা এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, জ্বালানি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিদ্যুৎ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৪০১ ঘ.
bdnews24