ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পদে দুই মহাপরিচালককে নিয়ে ‘বিব্রতকর অবস্থায়’ পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পদ শূন্য না থাকায় মঙ্গলবার যোগদান করতে এসে ফিরে গেছেন নতুন নিয়োগ পাওয়া মহাপরিচালক।
কমিশন বলছে, পদ শূন্য না থাকার পরও তাদের সঙ্গে কোনো আলোচনা না করে আইন ও বিধি ভঙ্গ করে এই নিয়োগ দেওয়া হয়েছে।
গত রোববার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক খন্দকার আমিনুর রহমানকে প্রত্যাহার করে যুগ্ম সচিব পদে পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়।
একই আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব কাজী রওশন আক্তারকে ওই পদে নিয়োগের জন্য বলা হয়।
দুদকের বর্তমান সংগঠনিক কাঠামোতে ছয়টি মহাপরিচালকের পদ রয়েছে। সাধারণত প্রশাসন, সেনাবাহিনী, আইন, পুলিশ ও শুল্ক বিভাগ থেকে একটি করে পদে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন প্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশে আমরা বিস্মিত হয়েছি। এটা কী করে সম্ভব আমরা না চাওয়ার পরও আইন ও বিধি ভঙ্গ করে এই আদেশ জারি করা হয়েছে।”
কমিশন কোনো অনুরোধ করেনি উল্লেখ করে তিনি বলেন, “আমরা বললেই কেবল সরকার কাউকে প্রেষণে নিয়োগের জন্য পাঠাতে পারে।”
কমিশনের বিধিমালার বিধি ২২-এর (১)-এ বলা হয়েছে, কমিশন দায়িত্ব পালনের সুবিধার্থে সরকারের যে কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা এর অধীন কোনো সংস্থা বা দপ্তর-পরিদপ্তর থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারিকে প্রেষণে নিয়োগের জন্য অনুরোধ করতে পারবে।
উপবিধি (২) এর (১)-এ বলা হয়েছে, কমিশনের অনুরোধের ভিত্তিতে সরকার অনধিক ১৫ কার্য দিবসের মধ্যে চাহিদা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীকে প্রেষণে নিয়োগের জন্য কমিশন সচিবালয়ে ন্যস্ত করবে।
২০০৪ সালের দুদক আইনের ১৬ অনুচ্ছেদেও এই ধরনের কথা উল্লেখ আছে বলেন জানান গোলাম রহমান।
এই অবস্থায় কী করবেন- এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “ওই আদেশটি হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের চাহিদার কথা বিবেচনা করবেন।”
দুদকের চাহিদা অনুযায়ী গত বছরের ১৬ অক্টোবর ব্রাসেলসে কর্মরত শুল্ক কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান কমিশনে যোগদান করেন।
নতুন যিনি নিয়োগ পেয়েছেন তিনি কী বলেছেন- এ প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, “সকালে তিনি এসেছিলেন নিয়োগের বিষয়টি জানাতে। আমি তাকে বলেছি পদ খালি নেই।”
দুদকের বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগকারী সংস্থা হিসেবে কাজ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলতে পারবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না।”
তবে জনপ্রশাসন সচিবের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০২০ ঘ.
bdnews24