২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল না করার আহ্বান এফবিসিসিআই’র

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভাবমূর্তি রক্ষার জন্য হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভাবমূর্তি রক্ষার জন্য হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজধানীর ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এফবিসিবিআই সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, “বিরোধী দল ও সরকারি দলের প্রতি আমরা আহ্বান জানাই, হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি আপনারা পরিহার করুন।” একই সঙ্গে ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “একজন রাজনৈতিক নেতা হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়াটা উদ্বেগের বিষয়। সরকার এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবে বলে আমরা আশা করছি। শুধু ইলিয়াস আলী নয়, প্রতিটা মানুষেরই জীবনেরই মূল্য রয়েছে।” সাত দিনেও ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় সারা দেশে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো হরতাল করছে বিএনপি। এ কে আজাদ বলেন, “গত তিন দিনের হরতালে আমরা শুধু অর্থনৈতিক ভাবেই ক্ষতিগ্রস্ত হইনি, আমরা বিনিয়োগ নিয়েও চিন্তিত ও উদ্বিগ্ন। আমদানি-রপ্তানিতে সমস্যা হচ্ছে। দেশের মধ্যে পণ্য চলাচল বাধাগ্রস্ত হওয়ায় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে।” “পরিবহন ও দোকানপাট ভাংচুর হচ্ছে, নাগরিকেরা, বিশেষ করে বিদেশি নাগরিকরা এখানে চলাফেরা করতে পারছেন না। এর ফলে আমাদের ব্যবসা-বাণিজ্যে সমস্যা হচ্ছে এবং দেশের ভাবমূর্তি সঙ্কটে পড়ছে”, যোগ করেন তিনি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী নেতা বলেন, “আমরা মনে করছি হত্যা-গুম হয়েছে এবং এতে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে।” অন্যদের মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ নিট ওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়্যারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর চেয়্যারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তারা সবাই হরতাল পরিহারের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএমআর/এসইউ/১৪১৭ ঘ.