২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকার সঙ্গে আবার ‘সমঝোতা’

আগামী অর্থবছরের বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে ইকোনোমিক রিপোর্টারস ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে ২০১২-১৩ সালের বাজেট নিয়ে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী বলেন, “কালো টাকা সাদা করার পক্ষে আমরা নই। তবে আমরা গণতান্ত্রিক সরকার। একটি গণতান্ত্রিক সরকারকে অনেক কিছুর সঙ্গেই সমঝোতা করতে হয়। সুতরাং এ সব (কালো টাকা সাদা) অনেক কিছুই করতে হয়।” মুহিত বলেন, “আমরা ক্ষমতায় আসার পর প্রথম বছর (প্রথম বাজেটে) কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। পরের বছরে ছিল না। তৃতীয় বছরে শুধু শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। এবার কি হবে এখনও জানি না।” নতুন বাজেটে কালো টাকার উৎস বন্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “কালো টাকাকে নিরুৎসাহিত করা দু-একদিনের ব্যাপার নয়। আমরা জানি, কালো টাকা কীভাবে উৎপন্ন হয়। কিন্তু এটাকে বন্ধ করা সহজ নয়।” উদাহরণ দিয়ে তিনি বলেন, “বিদেশ থেকে যে রেমিটেন্স আসে তার থেকেও কালো টাকা উৎপন্ন হতে পারে। কারণ যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তিনি বৈধ অর্থ পাঠাচ্ছেন কিনা- অনেক সময়ই আমরা তা নিশ্চিত হই না। এটাতে কালো টাকা উৎসাহিত হয়। এখানে এদিক-ওদিক হওয়ার সুযোগ থাকে।” কালো টাকা প্রসঙ্গে অর্থসচিব মোহাম্মদ তারেক ইআরএফ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, “এমন কোনো অর্থনীতি পাবেন না যেখানে কালো টাকা নেই। কালো টাকা পুঁজি তৈরি করে। যেটা ডেভেলপমেন্টে ব্যবহার করা যায়। কিন্তু দেখার বিষয় হচ্ছে- টাকাটা কোথায় ব্যবহার হচ্ছে।” এ সময় অর্থমন্ত্রী বলেন, “আমেরিকার মতো দেশেও কালো টাকা আছে।” ‘জুনে মূল্যস্ফীতি এক অংকে নেমে আসবে’ সভার শুরুতে মুহিত বলেন, “মূল্যস্ফীতি ও ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আমরা চেষ্টা করছি। আশা করছি জুনে মূল্যস্ফীতি এক অংকের ঘরে (১০ শতাংশের নীচে) নেমে আসবে।” বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ১০ শতাংশ। আর গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৯২ শতাংশ। এক লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অর্থমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরের বাজেটের আকার হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি বা কম। এখনও চূড়ান্ত হয়নি। মে মাসের মাঝামাঝি সময়ে তা চূড়ান্ত করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) উচ্চাভিলাষী হবে উল্লেখ করে মুহিত বলেন, চলতি অর্থবছরের এডিপির আকার ছিল ৪৬ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা থেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কাঁটছাট করে ৪০ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। তিনি বলেন, “আগামী বাজেট হবে আমাদের সরকারের মেয়াদের পূর্ণাঙ্গ শেষ বাজেট। এর পরের যে বাজেট দেওয়া হবে তার ছয় মাস পরেই নির্বাচন হবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে কী কী করতে চেয়েছিলাম, কী কী করেছি, আর কী কী করতে চাই- তার একটা হিসাব-নিকাশ থাকবে নতুন বাজেটে। সে কারণে আগামী এডিপিও অ্যামবিশাস করতে চাই এবং তা ৫৪ হাজার কোটি টাকার মতো হবে।” চলতি বাজেটের মতো আগামী বাজেটেও বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানান মুহিত। ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা চলতি অর্থবছরে বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকবে বলে জানিয়েছেন অর্থসচিব মোহাম্মদ তারেক। “এই ৪০ হাজার কোটি টাকার ২৯ হাজার হাজার কোটি টাকা চলতি বাজেটে থেকে সংস্থান করা হবে। আর বাকি টাকা আগামী অর্থবছরের বাজেট থেকে যোগান দেয়া হবে,” বলেন তিনি। সংশোধিত বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে উল্লেখ করে তারেক বলেন, “বাজেটে ঋণ গ্রহনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার একটি টাকাও বাইরে যাবে না।” “চলতি অর্থবছরের মূল বাজেটে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা বাড়িয়ে ২৯ হাজার ৯০০ কোটি টাকা করা হয়েছে।” গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য কমিশন গ্রামীণ ব্যাংক নিয়ে এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করা হবে।” “গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে মাত্র ৪/৫টি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদিত। বাকিগুলোর কোনো অনুমোদন নেই। এগুলো শুধু ড. ইউনূসের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এরা দেশের গ্রামে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে না। এরা কাজ করছে দেশের বাইরে,” যোগ করেন অর্থমন্ত্রী। মুহিত বলেন, “আমি নিজেও গ্রামীণ ব্যাংকের একজন প্রতিষ্ঠাতা সদস্য। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল গ্রামাঞ্চলে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করার উদ্দেশ্য নিয়ে।” মত বিনিময় সভায় ইআরএফ সভাপতি খাজা মাঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন। একই সঙ্গে আগামী অর্থবছরের বাজেট নিয়েও মতামত দেন। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সফিকুর রহমান পাটোয়ারি, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, ইআরএফের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, জাকারিয়া কাজল, নাজমুল আহসান, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, আবু কাওসার এবং বর্তমান কমিটির সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাকিলা জেসমিন, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৮০৭ ঘ.