শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের জন্যও কর্পোরেট প্রশাসন জরুরি বলে মনে করেন গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স ফোরামের প্রধান ফিলিপ আর্মস্ট্রং।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কর্পোরেট প্রশাসনের চর্চা আছে, তারা কেবল শেয়ার মালিক নয়, পুরো সমাজের কথা মাথায় রেখেই কাজ করে।”
গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স ফোরাম একটি ট্রাস্ট তহবিল, যার অর্থের যোগানদাতা হিসাবে রয়েছে বিশ্ব ব্যাংক গ্রুপ ও অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যন্ড ডেভেলপমেন্ট-ওইসিডি। প্রাতিষ্ঠানিক কাঠামো ও নিয়ন্ত্রণ পদ্ধতির সংস্কার এবং উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে কর্পোরেট ব্যবস্থাপনার চর্চা বিকাশই এ উদ্যোগের লক্ষ্য।
আর্মস্ট্রং বলেন, একটি কোম্পানির সঙ্গে বহু লোক ও সংস্থা জড়িত থাকে। আর সেই প্রতিষ্ঠানে যদি একটি সুশাসিত পরিচালনা পর্ষদ থাকে, তাহলে তারা অবশ্যই বাজার, প্রতিযোগী ও গ্রাহকদের সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবে। নিয়ম-নীতির বিষয়েও তারা সতর্ক থাকবে।
“একটি ভাল পর্ষদ অবশ্যই নিজেদের কর্তব্য ও দায়িত্ব ভালোভাবে বুঝবে।”
‘মধ্যম আয়ের দেশ’
গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স ফোরামের প্রধান মনে করেন, ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের একটি দেশে পরিণত হওয়ার সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। আর সে লক্ষ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশে এখন কর্পোরেট ব্যবস্থাপনার চর্চা করা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি।
“অর্থনৈতিকভাবে বেড়ে ওঠার জন্য বাংলাদেশের বিনিয়োগ দরকার। আর সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রাপ্তি বা আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহ এর একটি ভালো সমাধান হতে পারে। দুটো ক্ষেত্রেই বাংলাদেশের চাই কর্পোরেট প্রশাসন।”
সরাসরি বিদেশি বিনিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে কর্পোরেট ব্যবস্থাপনার চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এ ধরনের বিনিয়োগের জন্য বাজারের সম্ভাবনা ও সুনাম জরুরি। আর যে দেশের ব্যবসার পরিবেশ কর্পোরেট প্রশাসনবান্ধব, তাদের পক্ষে সরাসরি বিদেশি বিনিয়োগ পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়।”
“আমি বলছি না কর্পোরেট ব্যবস্থানা চালু করাই বিদেশি বিনিয়োগ টানার একমাত্র নিয়ামক। তবে এ জন্য যে বিষয়গুলো জরুরি, তার মধ্যে কর্পোরেট প্রশাসনও একটি”, যোগ করেন আর্মস্ট্রং।
তার মতে, পুঁজি আকৃষ্ট করার ব্যাপারে এশিয়ার দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা অনেক বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অনেক কিছু নিয়েই কাজ করতে হবে, কর্পোরেট প্রশাসনের প্রচলন যার একটি।
এ দেশের কোম্পানিগুলো সম্পর্কে আর্মস্ট্রংয়ের মত হলো- বিদেশি বিনিয়োগ পেতে হলে এসব কোম্পানিকে অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। কারণ এ জন্য তাদের বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গেই প্রতিযোগিতায় জয়ী হতে হবে।
“বাংলাদেশের একটি কোম্পানি লন্ডন বা নিউইয়র্ক থেকে বিনিয়োগ আনতে চাইলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য ব্রিটিশ বা মার্কিন কোম্পানির সঙ্গে তাদের তুলনা করে দেখবে।”
দুর্নীতির খেসারত
আর্মস্ট্রং বলেন, দুর্নীতির জন্য শেষ পর্যন্ত এতোটাই বেশি খেসারত দিতে হয়, যার পরিমাণ পুরো বিনিয়োগের চেয়েও বেশি।
“আসলে পুরো দেশের জন্যই এটি একটি বড় বোঝা। দুর্নীতির বিস্তার রুখতে সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে বসে একটি কৌশল বের করতে হবে।”
আর এ কাজটি রাতারাতি সম্ভব নয় উল্লেখ করে জার্মানির সিমেন্স ও যুক্তরাষ্ট্রের এনরনের উদাহরণ টানেন তিনি।
“দুর্নীতি রুখতেই এসব প্রতিষ্ঠানে কর্পোরেট প্রশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছিল। আর সরকারকেও অবশ্যই দুর্নীতিগ্রস্তদের বিচার করতে হবে, যাতে ভারসম্য কখনো টলে না যায়।”
আর এ কাজে বেসরকারি খাতও সরকারকে সহযোগিতা করতে পারে বলে মনে করেন কর্পোরেট গভর্নেন্স ফোরামের প্রধান।
বাংলাদেশে কর্পোরেট ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এই ফোরাম কাজ করছে বলেও আর্মস্ট্রং জানান।
তিনি বলেন, “আমরা কর্পোরেট প্রশাসনের নিয়ম-নীতি সম্পর্কে সরকারকে অবহিত করি এবং অন্য দেশের অভিজ্ঞতাগুলো সম্পর্কে তাদের জানাই, যেগুলো বাংলাদেশেও বাস্তবায়ন করা সম্ভব।”
এর গুরুত্ব বোঝাতে বিভিন্ন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করা ছাড়াও কর্পোরেট ব্যবস্থাপনা চালু করতে বিভিন্ন কোম্পানিকে ফোরাম সরাসরি সহযোগিতা করছে বলে জানান আর্মস্ট্রং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/জেকে/১০৩৫ ঘ.
bdnews24