২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণকে দেড় কোটি ডলার দিল আইএফসি

সহযোগী প্রতিষ্ঠান নাটোর অ্যাগ্রো লিমিটেডের জন্য আন্তর্জাতিক ফাইনান্স কর্পোরেশনের (আইএফসি) কাছ থেকে দেড় কোটি ডলার ঋণ পেয়েছে প্রাণ গ্রুপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহযোগী প্রতিষ্ঠান নাটোর অ্যাগ্রো লিমিটেডের জন্য আন্তর্জাতিক ফাইনান্স কর্পোরেশনের (আইএফসি) কাছ থেকে দেড় কোটি ডলার ঋণ পেয়েছে প্রাণ গ্রুপ। প্রাণকে আইএফসি’র দেওয়া তৃতীয় দফার এ ঋণের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে ১ হাজার ৮০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের খুচরা বিপণনের সঙ্গে সম্পৃক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে। উৎপাদন ক্ষমতা এবং স্থানীয় পর্যায়ে দুগ্ধ ক্রয় ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা বাড়াতে প্রাণকে আইএফসি প্রথম দফায় ২০০৯ সালে দেড় কোটি ডলার ঋণ দিয়েছিল। ২০১১ সালে দ্বিতীয় দফায় দিয়েছিল ৭০ লাখ ডলার। আইএফসির একটি বিবৃতিতে বলা হয়, এই ঋণ সহযোগিতা বাংলাদেশের ১৭ হাজার দুগ্ধ খামারির আয় বাড়াতে বিশেষ সহায়ক ভূমিকা রেখেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রাণের সর্বশেষ সংযোজন প্যাকেটজাত খাদ্য সামগ্রী। প্রাণের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমজাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএফসি আরো একবার আন্তরিকভাবে এবং দ্রুততার সঙ্গে দীর্ঘ মেয়াদি ঋণের ব্যাপারে আমাদের অনুরোধে সাড়া দিয়েছে।” “বর্তমান প্রকল্পটি পণ্য রপ্তানির ক্ষেত্রে গতির সঞ্চারের পাশাপাশি খামারিদের টেকসই আয় নিশ্চিতসহ গ্রামীন কর্মসংস্থান বৃদ্ধিতে ও পণ্য বিপণন খাতে ক্ষুদ্র ব্যবসার প্রসার ঘটাবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/আরআরডি/এমআই/২৩৩৫ ঘ.