২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট: টেলিযোগাযোগে কর শুল্ক পুনর্বিবেচনার সুপারিশ

টেলিযোগাযোগ খাতে উন্নয়নে আগামী অর্থবছরে (২০১২-১৩) বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত কর ও শুল্ক কাঠামো পুনর্বিবেচনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ খাতে উন্নয়নে আগামী অর্থবছরে (২০১২-১৩) বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত কর ও শুল্ক কাঠামো পুনর্বিবেচনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে বর্তমান সরকারের মেয়াদে বিগত বাজেটগুলোয় সংসদীয় কমিটির কোনো সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ‘হতাশ’ কমিটির সভাপতি হাসানুল হক ইনু। মহাজোট সরকারের শরিক এ জাসদ নেতা বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে বলেন, “এ সরকারের তিনটি বাজেটে গ্রাহক, উদ্যোক্তা ও সরকারের স্বার্থ রক্ষায় আমরা সুপারিশ করেছি। কিন্তু অর্থ মন্ত্রণালয় তিন বছরে তা গ্রহণ করেনি।” আগামী অর্থবছরের বাজেটে কী কী প্রস্তাব করা যায় তা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ইনু বলেন, “সরকারের ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নের জন্য টেলিযোগাযোগ খাতে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক ও কর কাঠামো পুনর্বিবেচনা করতে হবে।” সুনির্দিষ্ট সুপারিশ ইনু জানান, মোবাইল সিমের কর প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি যা বর্তমানে ৬শ টাকা। মোবাইল হ্যান্ডসেটে নির্ধারিত শতকরা ১২ ভাগ শুল্ক পুনর্বিবেচনা করে (সরাসরি ফ্ল্যাট ট্যাক্স) ১শ’ টাকা ধার্য করা উচিত বলেও মনে করে কমিটি। ইন্টারনেট মোডেমের ওপর নির্ধারিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সুপারিশও হয়েছে। একই সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত কর অবকাশ সুবিধা দেওয়া যায় কি না তা পর্যালোচনারও সুপারিশ থাকছে বলে জানান ইনু। টেলিযোগাযোগ খাতের বিকাশে প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনায় নিয়মিত ও সম্পূরক শুল্কও পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করে কমিটি। কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, মো. নজরুল ইসলাম, খালিদ মাহ্মুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন ও গোলাম মোস্তফা বৈঠকে অংশ নেন। বিটিসিএলের মাধ্যমে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (ইউপি) অপটিক্যাল ফাইবার লিংক স্থাপন নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে ইনু বলেন, প্রথম পর্যায়ে ১০৬টি ইউপিতে সংযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো ১ হাজার ৬টি ইউপিতে সংযোগ দেওয়া হবে। চলতি বছরই থ্রিজি প্রযুক্তি সরবরাহকারী নিয়োগে উন্মুক্ত পদ্ধতিতে দপরত্র আহ্বানের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৫০ ঘ.