ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনুমোদন দেওয়া ১০০ কোটি মার্কিন ডলার ঋণের বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ সফররত আইএমএফের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এএফএম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএমএফের অনুমোদন দেওয়া ঋণ কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।”
এ নিয়ে পরবর্তীতে আরও বৈঠক হবে বলে জানান তিনি।
দেড় বছর ঝুলে থাকার পর গত ১২ এপ্রিল আইএমএফের পরিচালনা পর্ষদ ৯৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের এই ঋণ অনুমোদন করে। চারটি খাতে সংস্কারের শর্ত মেনে বাংলাদেশের এই ঋণ পেয়েছে।
এই ঋণের অর্থ তিন বছরের মধ্যে কয়েক ধাপে ছাড় করা হবে, যার প্রথম কিস্তিতে বাংলাদেশ পাবে ১৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
লেনদেন ভারসাম্য নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ সরকার এক বছরের বেশি সময় ধরে আইএমএফের এই ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮১৪ ঘ.
bdnews24