টেশিস থেকে ২০ হাজার দোয়েল কেনার প্রস্তাব অনুমোদন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্য ২০ হাজার ৫০০টি দোয়েল ল্যাপটপ কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এছাড়া ৫০ হাজার মেট্রিকটন গম এবং এক লাখ ২০ হাজার মেট্রিক টন ফার্নেস ওয়েল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, ১০৯ কোটি ৩১ লাখ ৯৩ হাজার টাকায় টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) থেকে ২০ হাজার ৫০০টি দোয়েল ল্যাপটপ কেনা হবে।
তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন’ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব ল্যাপটপ বিতরণ করা হবে।”
নুরুল করিম জানান, প্রতি মেট্রিকটন ২৯৯ দশমিক ৫০ মার্কিন ডলারে ৫০ হাজার মেট্রিকটন গম কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে ব্যয় হবে ১২৩ কোটি ১৬ লাখ ৯৩ হাজার কোটি টাকা।
আমদানিকরা গমের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর এবং ৪০ শতাংশ মংলা বন্দর দিয়ে আমদানি করতে হবে বলে জানান তিনি।
নুরুল করিম জানান, ভিয়েতনামের পেট্রোলিমেক্স থেকে চুক্তি অনুয়ায়ী ৮০ হাজার মেট্রিক টন এবং ইন্দোনেশিয়ার বুমি-সিয়াক পুসাকো (বিএসপি) ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস ওয়েল আমদানির অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া নদী ড্রেজিংয়ের জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় প্রকল্পের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩০৯ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার টাকা।
