২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি: উচ্চ ক্ষমতার কমিশন করার সুপারিশ

ডেসটিনি ২০০০ লিমিটেডের অবৈধ ব্যাংকিং তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিশন গঠন করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি ২০০০ লিমিটেডের অবৈধ ব্যাংকিং তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিশন গঠন করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে বাণিজ্য সচিব গোলাম হোসেন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “ডেসটিনির ঘটনা তদন্তে যে কমিটি করা হয়েছিল সে কমিটির প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছি। এতে ওই কমিশন গঠনের কথা বলা হয়েছে।” মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির নানা অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের পর গণমাধ্যমে ডেসটিনি প্রসঙ্গে নেতিবাচক খবর প্রকাশ হয় চলতি মাসের শুরুর দিকে। এ প্রেক্ষিতে ডেসটিনি ২০০০ লিমিটেডের ‘নিয়ম-বহির্ভূত কর্মকাণ্ড’ তদন্তে কমিটি করে সরকার। তবে ডেসটিনি তার বিরুদ্ধে আনা অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসছে। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধক আহমেদুর রহিমের নেতৃত্বে কমিটির সদস্যরা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মনজুর হাসান ভুইয়া, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অসীম কুমার চট্টোপাধ্যায়, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রিজওয়ানুল হুদা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক এনামুল হক মজুমদার ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক মোহাম্মদ আবুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৮৫৬ ঘ.