২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরের ২ ব্লকে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ শেষ

বঙ্গোপসাগরের দুটি ব্লকে কনকো-ফিলিপসের অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ (টুডি সিসমিক সার্ভে) শেষ করেছে চীনের ভূতাত্ত্বিক জরিপকারী সংস্থা বিজিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দুটি ব্লকে কনকো-ফিলিপসের অধীনে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ (টুডি সিসমিক সার্ভে) শেষ করেছে চীনের ভূতাত্ত্বিক জরিপকারী সংস্থা বিজিপি। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর রোববার এ কথা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের শেষ সপ্তাহ বঙ্গোপসাগরের দুটি ব্লকে এ দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ হয়।” বর্ডার গেটওয়ে প্রোটোকল (বিজিপি) দুই হাজার ছয়শ লাইন কিলোমিটার জরিপ চালিয়েছে জানিয়ে হোসেন মনসুর বলেন, “জরিপের উপাত্ত প্রক্রিয়াকরণ ও উপাত্ত বিশ্লেষণ শেষে তারা আগামী অক্টোবরে চূড়ান্ত প্রতিবেদন জানাতে পারবে বলে আশা করছি।” “ব্লক দুইটিতে তেল-গ্যাস রয়েছে কি না তা ওই প্রতিবেদনের ভিত্তিতেই বলা যাবে।” এ জরিপের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত আটটি প্রতিষ্ঠানের ব্যাপারে পেট্রোবাংলা গত ২২ সেপ্টেম্বর অনাপত্তিপত্র দিলে চূড়ান্ত দরপত্র আহ্বান করে কনকো-ফিলিপস। এতে সর্বনিু দরদাতা হয় বিজিপি। পেট্রোবাংলা গত ৭ ডিসেম্বর এ জরিপের জন্য চীনা এ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে অনাপত্তি জানায়। বিজিপি বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাসের অবস্থান নির্ণয় এবং এর বিস্তৃতিসহ প্রাথমিক মজুদের ধারণা পেতে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ (টুডি সিসমিক সার্ভে) চালায়। এই দুই ব্লকে তেল-গ্যাস উত্তোলনে গত ১৬ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন (পিএসসি) চুক্তি করে সরকার। পিএসসি চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে পাঁচ হাজার একশ ৫৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে কনকো-ফিলিপস। চট্টগ্রাম বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে এ দুটি ব্লকে সমুদ্রের গভীরতা এক থেকে দেড় কিলোমিটার। নয় বছর মেয়াদি এই চুক্তিতে তিন ধাপে জরিপ ও খনন কাজ চালানোর শর্তে ১৬ কোটি ডলার ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছে কনকো-ফিলিপস। তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই কনকো-ফিলিপসের সঙ্গে করা এই চুক্তির বিরোধিতা করে আসছিলো। চুক্তি স্বাক্ষরের পর এর প্রতিবাদে রাজধানীতে অর্ধদিবস হরতালও পালন করে তারা। তেল-গ্যাস রক্ষা কমিটির দাবি, কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে। দেশে প্রতিদিন দুইশ’ ৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ দুইশ’ কোটি ঘটফুট। সে হিসেবে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/পিডি/২০৩৫ ঘ.