২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী মুহিত

বিশ্ব ব্যাংক, এডিবির মতো সংস্থাগুলোর পূর্বাভাস ভুল প্রমাণ হবে- এমন ইঙ্গিত করে চলতি অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক, এডিবির মতো সংস্থাগুলোর পূর্বাভাস ভুল প্রমাণ হবে- এমন ইঙ্গিত করে চলতি অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “এডিবি, বিশ্বব্যাংক, আইএমএফ যে যাই বলুুক না কেন, আমি এখনো মনে করি বাজেটে আমরা যে লক্ষ্যমাত্রা ধরেছিলাম সেই ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।” আগামী অর্থবছরের (২০১২-১৩) বাজেট নিয়ে সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। গত ১১ এপ্রিল অর্থনীতির হালচাল নিয়ে এক সংবাদ সম্মেলনে এডিবি পূর্বাভাস দেয়, চলতি অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ শতাংশ। অর্থমন্ত্রী বলেন, “এডিবি ৬ দশমিক ২ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে প্রজেকশন দিয়েছে। সেটা তাদের প্রজেকশন। এখানে আমার কিছু বলার নেই। “প্রত্যেক বছরই বিশ্বব্যাংক, এডিবি এ ধরনের পূর্বাভাস দেয়। কিন্তু বছর শেষে দেখা যায় তাদের প্রজেকশন ভুল হয়েছে।” গত ২০১০-১১ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছিলো ৬ দশমিক ৭ শতাংশ। ভূমি নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজড করার প্রকল্প নিয়ে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, “একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে এটা করতে ২০ বছর লেগে যাবে। “আমি বলব আমলাদের ব্যর্থতার কারণেই এটা হয়নি।” অনেক সময় সচিব বা সরকারি কর্মকর্তাদের দক্ষতার অভাবে প্রকল্প প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়ন ধীরগতিতে হয় বলেও মন্তব্য করেন তিনি। মুহিত বলেন, “মন্ত্রীর ডেফিসিয়েন্সি (অদক্ষতা) থাকতে পারে। কিন্তু আমলাদের ডেফিসিয়েন্সি থাকতে পারে না। কেননা, আমরা (সরকার) তো দু’বছর পর চলে যাব। আপনারা (আমলা) অনেক দিন দায়িত্ব পালন করবেন।” আগামী বছর ৫ থেকে ১০টি জেলার ভূমি নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজড করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। নতুন বাজেটে নতুন সড়ক নির্মাণের চেয়ে পুরনো সড়ক উন্নয়ন-মেরামতের দিকেই বেশি নজর দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, “আমাদের ২৫ হাজার কিলোমিটার সড়ক আছে। এগুলোর একটা বড় অংশ জরাজীর্ণ। এগুলোর উন্নয়ন-মেরামত করে ঠিকঠাক করাই হবে আগামীতে প্রধান লক্ষ্য।” বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হতে বেশি সময় লাগা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ঠিকাদারদের কারণেই অনেক সময় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয় না। এক পর্যায়ে তিনি গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতুর প্রসঙ্গ টেনে বলেন, “ঠিকাদারের দোষেই এই ফ্লাইওভারের কাজ হচ্ছে না। ঠিকাদারের টাকা নেই। তারা কিছু সুযোগ-সুবিধা চেয়েছিল। এখন কাজ হচ্ছে না।” “এ ধরনের ঠিকাদারের শাস্তি হওয়া উচিৎ বলে আমি মনে করি,” যোগ করেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৭৫২ ঘ.