২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের কাছে ‘দেন-দরবারের’ পরামর্শ বিশেষজ্ঞদের

তাদের যুক্তি, মালয়শিয়া বা অন্য কোনো দেশের অর্থে পদ্মা সেতু হলে সাধারণ মানুষের ওপর চাপ পড়বে। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 03:29 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের জন্য দেন-দরবার চালাতে সরকারকে পরামর্শ দিয়েছেন শীর্ষস্থানীয় কয়েকজন বিশেষজ্ঞ। তাদের যুক্তি, মালয়শিয়া বা অন্য কোনো দেশের অর্থে পদ্মা সেতু হলে তার চাপ পড়বে মানুষের ওপর। চড়া সুদের সেতুর উপর দিয়ে পরিবহনের জন্য টোল দিতে বেশি। সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ায় সঙ্গে এমওইউ (সমঝোতা স্মারক স্বাক্ষর) হয়েছে হোক। কিন্তু এখনো বিশ্ব ব্যাংকের ঋণে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব এবং সরকারের সেটাই করা উচিৎ বলে আমি মনে করি।” “এখনও বিশ্ব ব্যাংকের টাকায় পদ্মা সেতু নির্মাণের সুযোগ আছে। সব দিক বিচার-বিশ্লেষণ করে সরকার এটাই করবে বলে আমি এখনও বিশ্বাস করি”, বলেন তিনি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, “এতো বড় প্রকল্প মালয়শিয়ার টাকায় না করাই ভালো। এতে খরচ অনেক বেশি পড়বে। আমার দাবি, সরকার যেন মালয়শিয়া বা অন্য কোনো দেশের টাকায় এ সেতু নির্মাণ না করে।” সরকার যদি সতিই মালয়শিয়ার টাকায় পদ্মা সেতু নির্মাণ করে- সেটা ভুল সিদ্ধান্তহবে বলে মনে করেন বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেনও। তিনি বলেন, সরকারের উচিৎ ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া। এই বিশেষজ্ঞদের যুক্তি, বিশ্ব ব্যাংক ও অন্য দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে সেতু নির্মাণ করলে সে ঋণের সুদের হার হবে মাত্র ১ শতাংশ। কমপক্ষে দশ বছর সে ঋণের কোনো কিস্তি শোধ করতে হবে না। অন্যদিকে মালয়শিয়ার অর্থে সেতু নির্মাণ করলে সুদের হার হবে ৬ শতাংশের বেশি। এক বছর যেতে না যেতেই ঋণের কিস্তি শোধ করতে হবে। এ কারণেই বিশ্ব ব্যাংকের বিকল্প খোঁজা ‘বোকামি’ বলে মনে করছেন মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, “মালয়শিয়া বা অন্য কোনো দেশের অর্থে সেতু নির্মাণ হলে টোলের মাত্রা অনেক বেশি হবে। আমাদের দেশের মানুষের জন্য সেটা সহনীয় হবে কি না- সেটাও বিবেচনায় রাখতে হবে।” জায়েদ বখত বলেন, “মালয়শিয়ার অর্থে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নির্মাণ না করাই ভাল। এতে খরচ অনেক বেশি পড়বে। পৃথিবীর কোনো দেশে এ ধরনের বড় প্রকল্প অন্য কোনো দেশের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে হয়েছে বলে আমার মনে হয় না। আমার অনুরোধ, সরকার যেন এই কাজটি না করে।” “আমরা (সরকার) কেন বুঝতে পারছি না, বিশ্ব ব্যাংকের সদস্য আমরা (বাংলাদেশ)। সংস্থাটির কাছে আমাদেরও দাবি আছে। সেই দাবিই যুক্তিযুক্তভাবে উত্থাপন করা উচিৎ,” বলেন তিনি। বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন স্থগিতের পর বিকল্প খোঁজার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিনায়ক সেন। তিনি বলেন, “আমার কেন জানি মনে হচ্ছে- পদ্মা সেতু নিয়ে সরকার ‘ভিলেজ পলিটিক্স’ করছে। কিন্তু সে পলিটিক্সে যে নিজেরই ক্ষতি হচ্ছে- তা বুঝতে পারছে না।” “এখনও সময় আছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় মাধ্যমে সমঝোতায় এসে ঝুলে থাকা বিষয়টির সমাধান করা উচিৎ”, পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। তবে এক্ষেত্রে বিশ্ব ব্যাংকেরও নমনয়ী হওয়া উচিৎ বলে তিনি মনে করেন। মালয়শিয়ার সঙ্গে এমওইউ স্বাক্ষরের পর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।” তবে গত ৭ এপ্রিল তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালয়শিয়ার সঙ্গে এমওইউ হওয়ার পরও বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু নির্মার্ণের সুযোগ আছে। কেননা এমওইউ সই মানে দুই দেশের আগ্রহ প্রকাশ মাত্র। এর বাইরে কিছু নয়। আলোচনার মাধ্যমে বিশ্ব ব্যাংকের সঙ্গে সৃষ্ট জট খোলা সম্ভব।” এদিকে পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়ায় সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দেশে ফিরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যুক্তি-যুক্ত’ সময়ে এর চূড়ান্ত চুক্তি হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এখন চূড়ান্ত চুক্তির প্রস্তাব মালয়শিয়া দেবে। তারা কবে নাগাদ এ প্রস্তাব দেবে তা তাদের ব্যাপার।” তিন দিনের সফরে মালয়শিয়া গিয়ে গত মঙ্গলবার কুয়ালালামপুরে ‘কো-অপারেশন অন পদ্মা মাল্টিপারপাস ব্রিজ অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট’ শিরোনামে এই সমঝোতা স্মারকে সই করেন কাদের। ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ আরো কয়েকটি দাতা সংস্থার সঙ্গে ঋণচুক্তি করেছিল সরকার। ওই সময় প্রকল্প ব্যয় ধরা হয় ২৯০ কোটি ডলার। তবে প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থছাড় স্থগিত করে বিশ্বব্যাংক। এরপর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও ইসলামী উন্নয়ন ব্যাংকও ঋণ সহায়তা ছাড় করেনি। এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করে মালয়শিয়া। গত ২৫ মার্চ মালয়শিয়ার মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব নীতিগত অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএ/জিএনএ/০৯২০ ঘ.