ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যেই পদ্মা সেতু নিয়ে মালয়শিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে এখনি কোনো প্রতিক্রিয়া জানাতে নারাজ এডিবি।
২৯০ কোটি ডলারের এই পদ্মা সেতু প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬১ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
ওই প্রকল্পে মূল অর্থ যোগানদাতা বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার ছয় মাস পর মঙ্গলবার মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করে সরকার।
বুধবার ঢাকার এডিবি কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান তেরেসা খো বলেন, “যেহেতু এ বিষয়ে বিস্তারিত জানি না, তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না।”
পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবির সঙ্গে সরকারের ঋণচুক্তি রয়েছে।
এই বিষয়ে এডিবি প্রতিনিধি বলেন, এটা একটা গোষ্ঠীবদ্ধ (কনসোর্টিয়াম) ঋণ এবং এক্ষেত্রে এডিবিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবির ১৪ কোটি ডলার ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
পদ্মা সেতুর সমঝোতা স্মারক সইয়ের পর মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক বলেছেন, তিনি এই বিষয়টি নিয়ে আইডিবি ও এডিবির সঙ্গে আলোচনা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২২৫০ ঘ.
bdnews24