চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনির চট্টগ্রামের ডিস্ট্রিবিউটররা দাবি করেছেন, তাদের সমবায় সমিতির মাধ্যমে কোনো অবৈধ ব্যাংকিং হচ্ছে না।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে কোনপ্রকার অবৈধ ব্যাংকিং হচ্ছে না।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, “ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি সমবায় আইনের আওতায় পরিচালিত একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান।”
শুধু ডেসটিনির ডিস্ট্রিবিউটরদের জন্যই এ সোসাইটি বলে দাবি করেন তারা।
মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনির নানা ‘অনিয়ম’ নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের পর গণমাধ্যমে ডেসটিনি প্রসঙ্গে ‘নেতিবাচক’ খবর প্রকাশ হয় গত কয়েকদিন ধরে। এ প্রেক্ষিতে বিষয়টি তদন্তে এই কমিটিও করেছে সরকার। এছাড়া দুর্নীতি দমন কমিশনও ডেসটিনির কার্যক্রম তদন্ত করবে বলে জানিয়েছে।
সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি তহবিল সংগ্রহ, ঋণ মঞ্জুর ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, এ পর্যন্ত এ প্রতিষ্ঠানের কোনো সদস্যই তাদের টাকা হারাননি।
চট্টগ্রাম বিভাগের ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফোরামের সদস্য সচিব রাজীব মিত্র।
লিখিত বক্তব্যে বলা হয়, “সা¤প্রতিক সময়ে কিছু সংবাদ মাধ্যমে ডেসটিনি নিয়ে প্রকাশিত সংবাদের বেশিরভাগই ঠিক নয়। কিছু গণমাধ্যম বিরূপ প্রচারণা ও আক্রমণাত্মক সংবাদ পরিবেশনের কারণে সারাদেশে ডেসটিনি’র ৪৫ লাখ গ্রাহক-পরিবেশক এবং তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।”
ডেসটিনি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ‘নেতিবাচক সংবাদে বিভ্রান্ত’ না হওয়ার আহ্বান জানিয়ে সরকারকেও এর মাধ্যমে ‘প্রভাবিত’ না হতে অনুরোধ করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিস্ট্রিবিউটর ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব মাহবুবুর রহমান সুমন ‘কিছু গণমাধ্যমের’ সমালোচনা করে বলেন, “কিছু গণমাধ্যম উদ্বিগ্ন হয়ে সংবাদ পরিবেশন করছে। আর কিছু গণমাধ্যম জানতেও চান না, শুনতেও চান না।”
সংবাদ সম্মেলন থেকে ‘ডিরেক্ট সেলিং আইন’ প্রণয়ন করে ডেসটিনি’র সঙ্গে যুক্ত সারাদেশে ‘এক কোটি’ মানুষের স্থায়ী আত্মকর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিভাগের ডিস্ট্রিবিউরদের আহবায়ক এ কে এম শহীদুল হক, সদস্য রাজীব তালুকদার, জাহাঙ্গীর আলম, সুবোধ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৬৫৮ ঘ.
bdnews24