ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চলতি অর্থছরের বাজেটে ৭ শতাংশ ডিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরলেও শেষ পর্যন্ত ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হতে পারে বলে ধারণা করছে এশীয় উন্নয়ন ব্যাংক।
এই সংস্থার পূর্বাভাস ঠিক হলে অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি সরকারের ধারণাকে ছাড়িয়ে যাবে।
এডিবির ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বুধবার ‘ইকোনমিক আউটলুক ২০১২’ প্রকাশ করে বলেন, “অর্থবছরের শেষ দিকে এসে রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা কমে গেছে, ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় মোট দেশজ চাহিদাও কমে এসেছে। এই প্রেক্ষাপটে চলতি অর্থবছর ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি (জিডিপি) হতে পারে।”
একইসঙ্গে দুটি ঝুঁকির কথাও বলা হয়েছে এডিবির পূর্বাভাসে। সংস্থাটি বলছে, আগামী দিনগুলোতে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়ায় সরকারের নীতিতেও পরিবর্তন আসতে পারে।
খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হওয়ায় অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতি ১১ শতাংশে পৌঁছাতে পারে বলেও উল্লেখ করেন জাহিদ হোসেন।
এবারের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করেছিল সরকার, যদিও সর্বশেষ মার্চ মাসের হিসাবে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে অর্থনীতিবিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও বলেন, এবার বার্ষিক গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কিছু বেশি হতে পারে। আগামী অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে বলে অনুষ্ঠানে জানান মন্ত্রী।
জাহিদ বলেন, রাজস্ব বাজেটের আকার বৃদ্ধি এবং বিভিন্ন ‘বাইরের খাতের’ চাপ সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। এর মোকাবিলা করার পাশাপাশি সরকারকে দেশীয় চাহিদা বৃদ্ধির জন্যও কাজ করতে হবে।
“সরকার যখন এই বাজেট প্রণয়ন করে তখন আমাদের ধারণাও ইতিবাচক ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।”
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পূর্বাভাস দিয়েছে, এবার প্রবৃদ্ধি ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকতে পারে। রেমিটেন্স প্রবাহ কিছুটা বাড়লেও তা দেশীয় চাহিদা বাড়ানোর জন্য পর্যাপ্ত নয়। তাছাড়া দেশের রপ্তানি প্রবৃদ্ধি ইতোমধ্যে খানিকটা কমে গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এডিবির অর্থনীতিবিদ জাহিদ বলেন, গত কিছুদিন ধরে সঙ্কুলানমুখী মুদ্রানীতি চালু রাখার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় ত্র“টির কারণে বাজার দর বেড়ে গেছে। একদিনে এ পরিস্থিতি বদলাবে না।
ম্যানিলাভিত্তিক ঋণদাতা এ সংস্থা মনে করছে, লেনদেন ভারসাম্যে সংকট, ভর্তুকি বৃদ্ধি ও দীর্ঘদিন ধরে চলে আসা উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে সামষ্টিক অর্থনৈতি ব্যবস্থাপনা চাপের মুখে পড়েছে।
“মধ্যমেয়াদে প্রবৃদ্ধি বাড়াতে হলে অবকাঠামো খাতের বাধা দূর করা, অতিরিক্ত সম্পদ আহরণ, আরো বিনিয়োগ আকর্ষণ এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে,” বলেন জাহিদ।
তবে চলতি বছর বাংলাদেশ সরকারকে বাজেট সহায়তা দেওয়ার কোনো পরিকল্পনা এডিবির নেই বলে জানান তিনি।
জাহিদ বলেন, “আমাদের হিসাবে, এ বছর বাজেট ঘাটতি হতে পারে জিডিপির শতকরা ৫ ভাগ। এই অবস্থায় সরকারের কোনো বাজেট সহায়তার প্রয়োজন হবে না বলেই আমরা মনে করি।”
তবে আগামী বছর এ সহায়তা প্রয়োজন হলে এডিবি বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24