২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ৩ ধরনের লাইসেন্স নিচ্ছে ৭৮ প্রতিষ্ঠান

টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অবশেষে এ খাতে ৭৮টি প্রতিষ্ঠানকে তিন ধরনের লাইসেন্স দিচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অবশেষে এ খাতে ৭৮টি প্রতিষ্ঠানকে তিন ধরনের লাইসেন্স দিচ্ছে বৃহস্পতিবার। টেলিযোগাযোগ খাতে বাজার ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় শুরু থেকেই এ পরিমাণ লাইসেন্সের বিরোধিতা করে আসছে বিটিআরসি ও অপারেটররা। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইসেন্সের জন্য যেসব প্রতিষ্ঠান টাকা জমা দিয়েছে তাদের বৃহস্পতিবার সকালে লাইসেন্স দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করার পর গত ৮ মার্চ ৮২টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২২টি, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২২টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৪টি প্রতিষ্ঠান লাইসেন্স নিতে টাকা জমা দিয়েছে। তিন ধরনের লাইসেন্সের জন্য বুধবার পর্যন্ত মোট ৭৮টি প্রতিষ্ঠান টাকা জমা দিয়েছে, তবে বৃহস্পতিবার টাকা জমা দেওয়া সাপেক্ষে এ সংখ্যা বাড়তেও পারে বলে জানান ওই কর্মকর্তা। লাইসেন্স নীতিমালা অনুযায়ী, আইজিডব্লিউর জন্য ১৫ কোটি টাকা, আইসিএক্সের জন্য ৫ কোটি টাকা এবং আইআইজির জন্য ৫ লাখ টাকা লাইসেন্স ফি দিতে হচ্ছে। লাইসেন্স পাওয়ার পর ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজ শুরু করতে হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। টেলিযোগাযোগ খাতে ৮৫টি লাইসেন্সের বিরোধিতা ছিল বিটিআরসির। তাদের পাশাপাশি অপারেটররাও বলছে, এই পরিমাণ লাইসেন্স দেওয়া হলে টেলিকম খাতে বাজার ভারসাম্য নষ্ট হবে। তবে এই আপত্তির বিষয়ে মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বলেছিলেন, “প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করার পর এর সংখ্যা কমে আসবে, তাই এই (বাজার ভারসাম্যহীনতা) ধরনের আশঙ্কা নেই।” গত ৯ ফেব্রুয়ারি শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়ার জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে বিটিআরসিতে তালিকা পাঠায় মন্ত্রণালয়। এরপর বিটিআরসি তা পুনর্বিবেচনার আবেদন করলেও তা গৃহীত হয়নি। আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি লাইসেন্স পেতে গত ৮ ডিসেম্বর ১৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে। এই প্রতিষ্ঠানগুলোর রেটিং করে ফেব্রুয়ারির শুরুতেই মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় বিটিআরসি। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান আইসিএক্স, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর আরো কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে সব ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সের (বিটিসিএল, গেটকো ও এমঅ্যান্ডএইচ) সঙ্গে যুক্ত। আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল ও বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়। বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সার্ভিসের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১৩২ ঘ.