ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির শাস্তি আরো কঠোর করতে সরকারের কাছে সুপারিশ করেছে সংসদীয় একটি কমিটি।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মঙ্গলবারের বৈঠকে আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৭ হাজার কোটি টাকা করার সুপারিশও করেছে।
কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) সাংবাদিকদের বলেন, মিথ্যা ঘোষণা দিয়ে মালামাল আমদানিকারক অসৎ ব্যবসায়ীদের জরিমানার পরিমাণ বাড়ানো এবং মালামাল বাজেয়াপ্ত করার সুপারিশ তারা করছেন।
রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “আমাদের অর্থনীতির সামষ্ঠিক গতিধারা ভালো, আমদানি-রপ্তানি বাণিজ্য ঠিক আছে, করদাতাদের ভয়ও কেটে গেছে। এজন্য আগামী অর্থবছরে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রক্কলন করতে চাই।”
কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের কর আদায় থেকে এই অর্থ আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করার সুপারিশ করেছে, গত অর্থবছরে এই অঙ্ক ১ লাখ কোটি টাকার কম ছিল।
সংসদীয় কমিটির সভাপতি জানান, রাজস্ব আয়ের মধ্যে ৪০ শতাংশ আসে আমদানি ও রপ্তানি খাতে, ৪০ শতাংশ মূল্য সংযোজন কর ও ২০ শতাংশ আয়কর থেকে।
এ খাতকে পুনর্বিন্যাস করে আমদানি-রপ্তানি ৩৬ শতাংশ, মূসক ৪১ শতাংশ ও আয়কর ২৩ শতাংশ করারও সুপারিশ করবেন তারা।
কমিটি কর প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় রাজস্ব বোর্ডকে পদক্ষেপ নেওয়ার সুপারিশও করেছে।
ব্যক্তিশ্রেণীর আয়কর সীমা বাড়ানোর সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
মুস্তফা কামাল বলেন, আগামী অর্থ বছরের বাজেটের আগে কয়েকদফা বৈঠক করবে কমিটি।
বৈঠকে সংসদীয় কমিটির সদস্যদের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘এমএলএম নিয়ে বলতে চাই না’
ডেসটিনিসহ মাল্টি লেবেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি নিয়ে এখনি কোনো কথা বলতে রাজি হননি সংসদীয় কমিটির সভাপতি।
এক প্রশ্নের জবাবে কমিটির সভাপতি বলেন, “ইতোমধ্যে এ নিয়ে আইন প্রণয়নের কথা চলছে। বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। আইনের খসড়া হয়েছে। মন্ত্রণালয়ের কাজ শেষ হলে প্রয়োজনে কমিটির মতামত দেওয়া যাবে।”
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৪০ ঘ.
bdnews24