ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো ৬৩৫ মেগাওয়াট বিদ্যুতের জন্য সাত হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার।
এর মধ্যে দুটি নতুন বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে। আর একটি চলমান বিদ্যুৎকেন্দ্র থেকে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই তিন প্রকল্পসহ নয় হাজার ৩৯৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
বিদ্যুৎ খাতের তিন প্রকল্পের মধ্যে সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট এবং ভোলায় ২২৫ মেগাওয়াটের দুটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া সিরাজগঞ্জের ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্য¬ান্টকে ২২৫ মেগাওয়াটে উন্নীত করা হবে।
ঢাকা ও আশপাশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মেটানোর লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র নেওয়া হয়েছে বলে প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ (সংশোধিত)’।
ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইসিজিবিএল) ২০১৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে চার হাজার ২৩৯ কোটি টাকা।
প্রকল্পটি বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের কাছ থেকে এক হাজার ৮২০ কোটি টাকা পাওয়া যাবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে। তবে বিশ্ব ব্যাংকের এ টাকা পাওয়া না গেলে সরকারের নিজস্ব তহবিল থেকে কিংবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
‘কনস্ট্রাকশন অব ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প¬ান্ট’ প্রকল্পের আওতায় পাওয়ার প্ল্য¬ান্টটি জেলার বোরহানউদ্দিন উপজেলায় স্থাপিত হবে। প্রস্তাবিত প্ল্য¬ান্টের বিদ্যুৎ ১৩২/২৩০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে বোরহানউদ্দিন-পটুয়াখালী বা বোরহানউদ্দিন-বরিশাল সঞ্চালন অবকাঠামো গড়ে তোলা হবে।
এ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের গ্যাস এ পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হবে। আইডিএ’র কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য একটি সম্ভাব্যতা জরিপ ইতোমধ্যেই শেষ হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পে মোট ব্যয় হবে ২০৬০ কোটি টাকা। প্রকল্পটির জন্য ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এক হাজার ৩৭৮ কোটি টাকা দেবে।
‘আপগ্রেডেশন অব সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ প্রকল্পের আওতায় কোনো বাড়তি জ্বালানি ছাড়াই ওই বিদ্যুৎকেন্দ্র থেকে অতিরিক্ত ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য ব্যয় হবে ৬৭৯ কোটি টাকা।
একনেক সভায় দেশের গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সামগ্রিক যাতায়াত ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ‘উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ (সংশোধিত)’ নামে আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় সারাদেশে ১৫৫টি সেতু (২২৫০৪ মিটার) নির্মাণ করা হবে।
এক হাজার ৪০৬ কোটি টাকার এ প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করবে।
পরিকল্পনা সচিব জানান, মঙ্গলবারের একনেক বৈঠকে মোট নয় হাজার ৩৯৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন করা হয়। যার মধ্যে ৬১৯৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং তিন হাজার ২০০ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
অনুমোদিত অন্য প্রকল্প হলো- বগুড়া জেলার যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প (২১৪ কোটি টাকা), সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্প (১৯৮ কোটি টাকা), কেরু এন্ড কোম্পানি (বিডি) লিমিটেড আধুনিকায়ন প্রকল্প (৪৭ কোটি টাকা) এবং কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্প (৫৫০ কোটি টাকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯৫২ ঘ.
bdnews24