২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক

পদ্মা সেতু নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের জন্য মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের জন্য মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সেখানে ‘কো-অপারেশন অন পদ্মা মাল্টিপারপাস ব্রিজ অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট’ শিরোনামে এই সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। “বাংলাদেশের পক্ষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি দাতো সেরি স্যামি এস ভেলু এই সমঝোতা স্মারকে সই করেন,” বলেন হাইকমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান দেখেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি মোহাম্মদ নাজিব তুন রাজাকের সঙ্গে কথা বলেন। এই চুক্তি স্বাক্ষরকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি জানান তারা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি ঋণদাতা সংস্থার সঙ্গে চুক্তি করে সরকার। কিন্তু দুর্নীতির অভিযোগে গত বছরের অক্টোবরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্প আটকে যায়। কানাডায় এ ব্যাপারে তদন্ত চলছে। চুক্তি অনুযায়ী, ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেওয়ার কথা ছিল সরকারের। বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিত হওয়ার পর মালয়েশিয়া দেশের সর্ববৃহৎ এই নির্মাণ প্রকল্পের বিষয়ে আগ্রহ দেখায়। এরপর গত ২৫ মার্চ মালয়শিয়ার মন্ত্রিসভা পদ্মা সেতুতে বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করে। কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমাঝোতা স্মারকের আওতায় মালয়শিয়ার সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থা পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় অর্থের যোগান দেবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে অন্তত ২৩০ কোটি ডলার। তবে প্রকল্পের খরচ বাড়তে পারে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে। মালয়েশিয়ার যে প্রতিষ্ঠান সেতু প্রকল্পের দায়িত্ব পাবে তারা এর কারিগরি ও অর্থনৈতিক প্রস্তাব তৈরি করে জমা দেবে। এর ভিত্তিতেই নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তরের (বিওওটি) বিষয়গুলোর ফয়সালা হবে। সমঝোতা স্মারকের মেয়াদ থাকবে সই হওয়ার তারিখ থেকে নয় মাস। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই স্মারকের মূল উদ্দেশ্য দুই দেশের সমঝোতা অনুযায়ী সমতা ও পারষ্পরিক লাভালাভের ভিত্তিতে পরিকল্পনা, উন্নয়ন, অর্থায়ন, নির্মাণ, ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কাজ করা। সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে জ্ঞান ও প্রযুক্তির বিনিময় ও অংশিদারিত্ব জোরদার করবে।” মালয়েশিয়ার সঙ্গে এই চুক্তি সইয়ের জন্য রোববার কুয়ালালামপুরে যাওয়ার আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করায় সরকার অর্থের বিকল্প উৎস দিকে এগিয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে এমওইউ সই হলেই যে বিশ্ব ব্যাংকসহ অন্যদের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে- এমন কথা নেই। বিশ্বব্যাংক অর্থায়ন করলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে তা কাজে লাগবে। মালয়েশিয়া এ প্রকল্পে কতো টাকা দেবে, তা চূড়ান্ত না হলেও আগামী ১০ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করা যাবে বলে ওইদিন আশা প্রকাশ করেন মন্ত্রী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম কুয়ালালামপুর সফরে যোগাযোগমন্ত্রীর সঙ্গে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউএম/এসইউ/জেকে/১৫৩০ ঘ.