২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৩ শতাংশ

মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নামিয়ে আনার লক্ষ্যও ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে আগামী বাজেট নিয়ে অর্থনীতিবিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থবছরে বাজেটের মোট আকার হবে ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা। চলতি ২০১১-১২ অর্থবছরে বাজেটের মোট আকার ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। চলতি অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কিছু বেশি হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “নতুন বাজেটে আমাদের লক্ষ্য থাকবে এটাকে এক অঙ্কের ঘরে নামিয়ে আনা।” গত বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধরা হয়েছিল। কিন্তু সর্বশেষ মার্চ মাসের হিসাবে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে বরাদ্দের ক্ষেত্রে কৃষি, পল্লী উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। চলতি বাজেটের মতো জ্বালানি খাতকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মতবিনিময় সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, মামুন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৫২৪ ঘ.