ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত ভুল- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এ মন্তব্যে প্রতিক্রিয়া দিতে অস্বীকৃতি জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ-প্রধান এলেন গোল্ডস্টেইন।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা স্বাস্থ্য খাতের সংবাদ সম্মেলন। এখানে পদ্মা সেতু সম্পর্কে কিছু বলব না।”
জাতীয় স্বাস্থ খাতের জন্য ইউএসএআইডি’র অনুদান সহায়তা বিষয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে স¤প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের করা এক মন্তব্যে এলেনের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
রোববার এক অনুষ্ঠানের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতে বিশ্ব ব্যাংকের নেওয়া সিদ্ধান্ত ভুল।
২৯০ কোটি ডলারেরর পদ্মা সেতু প্রকল্পে সবচেয়ে বড় ঋণদাতা (১৯০ কোটি ডলার) হিসাবে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের চুক্তি হলেও দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে অর্থছাড় স্থগিত করে সংস্থাটি।
এরপর এ প্রকল্পের অর্থায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় মালয়শিয়া এতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করে গত ফেব্রুয়ারিতে। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে বাংলাদেশের যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে রোববার একটি প্রতিনিধি দল নিয়ে কুয়ালালামপুর যায়।
তবে অর্থমন্ত্রী বলেছেন, ওই সমঝোতা স্মারক হলেও পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/পিডি/১৯০৯ ঘ.
bdnews24