ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর বুধবার শুনানি হবে।
সোমবার হাই কোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চের কার্যতালিকায় রিটটি শুনানির জন্য আসে।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, “এটি একটি জনগুরুত্বপূর্ণ মামলা। অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নেবেন। প্রস্তুতি জন্য আমাদের সাত দিন সময় প্রয়োজন।”
এসময় ডেসটিনির পক্ষে আইনজীবী এএফ হাসান আরিফ সময় আবেদনের বিরোধিতা করে বলেন, “এতদিন সময় দেওয়ার কোন প্রয়োজন নেই।”
পরে আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন ।
সোসাইটির পক্ষে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন রোববার আবেদনটি করেন। রিট আবেদনে ‘ওই প্রতিবেদন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে।
এতে বিবাদী করা হয়েছে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।
মিজান সাঈদ বলেন, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৫১ ধারা অনুসারে ওই পরিদর্শন প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু এই আইনের তিন ধারায় বলা আছে, সমবায় সমিতি ক্ষেত্রে এই আইনের ৪৪ ধারা ব্যতীত অন্য ধারাগুলো প্রযোজ্য হবে না।
“আর ৪৪ ধারা অনুসারে পরিদর্শন প্রতিবেদন দিতে হলে আমাদের অনুলিপি দিতে হবে। শুনানি করতে হবে। এসব প্রক্রিয়া অবলম্বন না করেই ১১ মার্চ বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি দিয়ে দেয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৫৯ ঘ.
bdnews24