ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আগামী অর্থবছরের (২০১২-১৩) বাজেট আলোচনা শুরু করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইন্সস্টিটিউটসহ (পিআরআই) আরো কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে মত বিনিময় করবেন অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সাহেদুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
আগামী ৮ এপ্রিল চারটি সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী। ১০ এপ্রিল অন্যান্য অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় হবে।
সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক হবে আগামী ১৫ এপ্রিল। এর একদিন পর অন্য সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী।
১৮ এপ্রিল এনজিও প্রতিনিধি ও ২২ এপ্রিল হবে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়।
২৩ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার সম্পাদক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে অর্থমন্ত্রীর বাজেট আলোচনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯৫৯ ঘ.
bdnews24