ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়ে দ্বিগুণ হলেও চলতি অর্থ বছরের আট মাসে মোট আমদানি ব্যয় কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় ও বিলাস সামগ্রী আমদানি নিরুৎসাহিত করায় আমদানি ব্যয় কমছে।
কেন্দ্রীয় ব্যাংক বুধবার জানিয়েছে, জুলাই থেকে ফেব্র“য়ারি মাসে পণ্য আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ কমেছে ৭ দশমিক ৫৪ শতাংশ। গত অর্থবছরের এ সময়ে এলসি খোলার পরিমাণ বেড়েছিল ৪০ শতাংশের বেশি।
ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এই সময়ে বিভিন্ন পণ্য আমদানির জন্য মোট ২৪ দশমিক ১৭ বিলিয়ন (দুই হাজার ৪১৭ কোটি) ডলারের এলসি খোলা হয়েছে।
গত বছরের এ সময়ে এলসি খোলার পরিমাণ ছিল ২৬ দশমিক ১৪ বিলিয়ন (দুই হাজার ৬১৪ কোটি) ডলার।
আমদানি ব্যয় হ্রাস প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে আমদানি ব্যয় কমছে। বিশেষ করে অপ্রয়োজনীয় ও বিলাস সামগ্রী আমদানি নিরুৎসাহিত করার ফলে আমদানি ব্যয় কমছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমবে।”
“তবে শিল্পের মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) ও কাঁচামাল আমদানি কমার ফলে যাতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে,” বলেন তিনি।
জুলাই-ফেব্র“য়ারি সময়ে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে জ্বালানি তেল আমদানিতে। এতে মোট খরচ হয়েছে ৩৩০ কোটি ডলার।
গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে এলসি খোলার পরিমাণ বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এছাড়া ভোজ্যতেল আমদানির এলসি বেড়েছে ১০১ দশমিক ৯০ শতাংশ। চিনির এলসি বেড়েছে ৫৩ দশমিক শতাংশ।
তবে খাদ্য আমদানির (চাল ও গম) এলসি কমেছে ৭০ শতাংশের বেশি। ক্যাপিটাল মেশিনারির এলসি কমেছে ৩৫ শতাংশ। আর শিল্পের কাঁচামাল আমদানির এলসি কমেছে ১৩ শতাংশ।
গত বছরের জুলাই-ফেব্র“য়ারি সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় চাল, ভোজ্যতেল ও শিল্পের কাঁচামাল- এই তিন ধরনের পণ্য আমানির এলসি খোলার পরিমাণ বেশ বেড়েছিল।
খাদ্য আমদানি বেড়েছিল ১৫০ শতাংশ। মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি বেড়েছিল যথাক্রমে ৪২ ও ৫৫ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/২২০২ ঘ.
bdnews24