২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেইপিজেড সংকট’ আলোচনায় নিরসনের আশা রাষ্ট্রদূতের

চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) নিয়ে সৃষ্ট সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়ং চু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিজেড) নিয়ে সৃষ্ট সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়ং চু। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, “চট্টগ্রাম কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (কেইপিজেড) দক্ষিণ কোরিয়া অনেক বড় পুঁজি বিনিয়োগ করেছে। সেখানে দেশি-বিদেশি উদ্যোক্তা নিজেদের চাহিদা অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন।” “স¤প্রতি যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা পারস্পারিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।” বিভিন্ন অনিয়মের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অভিযোগে গত ২৯ মার্চ কেইপিজেড’র পরিবেশ ছাড়পত্র বাতিল করা হয়। তার আগে ২৪ মার্চ পাহাড়কাটাসহ পরিবেশ ধ্বংসের অভিযোগে কেইপিজেড’র তিন কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। কেইপিজেড কর্তৃপক্ষের বিরুদ্ধে বেআইনিভাবে পাহাড়কাটা, জলাশয় ভরাট, প্রাকৃতিক লেকের পানি প্রবাহে বাধা, জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন, পাহাড়ি এলাকার ভূমির বৈচিত্র্য নষ্টসহ পরিবশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। বুধবারের আলোচনা সভায় রাষ্ট্রদূত তাই ইয়ং চু বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক সম্পর্ক দুই দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখবে। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও দক্ষিণ কোরিয়া আমদানি বৃদ্ধি করে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের ভারসাম্যহীনতা কমিয়ে আনা সম্ভব। আলোচনা সভায় চেম্বার নেতারা জাহাজ নির্মাণ, রেলের বগি, ইলেক্ট্রনিক্স ইন্ডাষ্ট্রি, জনসংখ্যা রপ্তানি, শিক্ষা, কারিগরি ও ভাষা শিক্ষা, পোষাক শিল্প, ভিসা প্রদান সহজতর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি এ এম মাহাবুব চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, এম এ মালেক, অধ্যাপক আহছানুল আলম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩০৪ ঘ.