ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিশেষ দেশকে সুবিধা পাইয়ে দিতে পুরনো (রিকন্ডিশনড) গাড়ির ওপর বেশি শুল্ক আরোপ রয়েছে দাবি করে আগামী বাজেটে শুল্ক কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বারভিডা।
বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় পুরনো গাড়ি আমদানিকারকদের এই সংগঠন।
বারভিডা সভাপতি মো. আব্দুল হামিদ শরীফ বলেন, “পুরনো গাড়ি আমদানিতে বৈষম্যমূলক নীতি করে অসম প্রতিযোগিতার সৃষ্টি করা হয়েছে। ফলে জাপানি ভালো গাড়ির পরিবর্তে প্রতিবেশী একটি দেশের নিুমানের গাড়িতে দেশের বাজার ভরে যাচ্ছে।”
“এসব গাড়ির দীর্ঘস্থায়িত্ব যেমন কম, তেমনি এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। সরকার ও এনবিআরের একটি মহল একটি বিশেষ দেশকে সুবিধা পাইয়ে দিতে এই ব্যবস্থা করেছে,” বলেন তিনি।
বারভিডা সভাপতি প্রতিবেশী দেশটির নাম বলতে রাজি হননি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত থেকেই দেশে গাড়ি আমদানি হয়।
সমস্যার সমাধান না হলে গাড়ি ব্যবসায়ীরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন হামিদ শরীফ।
শুল্ক বেশি হওয়ায় জাপানি পুরনো গাড়ির দাম বেশি হয় জানিয়ে তিনি বলেন, জাপান থেকে একটি রিকন্ডিশনড প্রোবক্স গাড়ি দুই হাজার ডলারে কেনা হয়। এই গাড়িটিতে শুল্ক দিতে হয় ৯ লাখ টাকা। সব খরচ মিলে গাড়িটির মোট দাম দাঁড়ায় ১৩ লাখ টাকা।
“অথচ নতুন আমদানি করা (প্রতিবেশী দেশ থেকে) একটি গাড়ির আমদানি শুল্ক এর চেয়ে অনেক কম পড়ে। আবার পরিবহন খরচও কম। ফলে ক্রেতারা ভালো গাড়ির তুলনায় নিুমানের গাড়ি কিনতে বাধ্য হচ্ছেন,” বলেন তিনি।
চড়া শুল্কের কারণে গাড়ির বাজার মন্দা যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। বারভিডা সভাপতি বলেন, “অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে যাচ্ছেন।”
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আব্দুল হক, শাহ সেলিম টিপু ও বিকাশ বিশ্বাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৯১০ ঘ.
bdnews24