চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ বন্ধ রাখায় চট্টগ্রাম কাস্টম হাউজে সাড়ে চার ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম বন্ধ ছিল।
চট্টগ্রাম কাস্টম হাউজের জারি করা এক আদেশের প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে কাজ বন্ধ করে দেয়। এতে করে বেলা ৫টা পর্যন্ত কাস্টম হাউজে শুল্কায়ন ও শুল্ক পরিশোধ কার্যক্রম বন্ধ থাকে।
একই আমদানি চালানে আসা একাধিক কন্টেইনার বিভিন্ন পর্যায়ে খালাসের ক্ষেত্রে আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করায় তারা কাজ বন্ধ রাখেন বলে জানান চিটাগাং সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধাপে ধাপে পণ্য খালাসের পর সেসব পণ্য আমদানিকারকের হেফাজতে থাকবে। এক্ষেত্রে তারাই অঙ্গীকারনামা দেবেন। কিন্তু এক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্টদের কেন অঙ্গীকারনামা দিতে হবে?”
তিনি বলেন, এ সিদ্ধান্তের প্রতিবাদে তারা কাস্টমস কমিশনার মারুফুল ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানান।
“তারা তা না মানায় আমরা সাড়ে ১২টা থেকে আমদানি পণ্যের শুল্কায়নের কাগজ জমা দেওয়া বন্ধ করে দিই।”
এ পরিস্থিতিতে কাস্টমস কর্মকর্তারা সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধান আসেনি।
একই দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্টরা মঙ্গলবারও কাজ বন্ধ রাখবে বলে জানান মাহমুদ ইমাম।
তিনি জানান, বিষয়টি নিয়ে রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) নাসির উদ্দিন মঙ্গলবার কাস্টম হাউজে এসে বৈঠক করার কথা রয়েছে।
কাস্টম হাউজের নিয়মানুযায়ী, আমদানি পণ্যের কন্টেইনার জাহাজ থেকে খালাস করে আমদানিকারকের কাছে হস্তান্তরের আগে তাদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়। নতুন নিয়মে আমদানিকারকের পাশাপাশি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানকেও তা দিতে হবে।
এছাড়া নতুন নিয়মে একই দিনে আমদানি হওয়া সব কন্টেইনার ছাড় নেওয়ার কথা রয়েছে। অথচ এর আগে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে কন্টেইনার ছাড় করাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৩ ঘ.
bdnews24