২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্ট্রি খাতে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

পোল্ট্রি খাতের সব ধরনের কর প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোল্ট্রি খাতের সব ধরনের কর প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। রোববার বিকালে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এই দাবি জানান তারা। বাংলাদেশ পোল্টি ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম খান বলেন, “দেশে পোল্ট্রি শিল্পে চরম দুর্যোগ চলছে। বার্ড ফ্লু আতঙ্কে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। পোল্ট্রি ব্যবসায়ীরা অন্য পেশায় চলে যাচ্ছেন।” তিনি বলেন, এই খাতের স্বার্থে পোল্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট সব কিছুর ওপর থেকে সব ধরনের কর, মুরগির খাদ্যের কাঁচামালের ওপর কর প্রত্যাহার করা উচিত। এছাড়া শুল্ক ছাড়া মুরগির ওষুধ ও রোগ সনাক্তকরণ যন্ত্র আমদানির সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়। সারের কাঁচামাল আমদানিতে কাস্টমসের হয়রানি রোধে ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করেন পোল্ট্রি ব্যবসায়ীরা। প্রাক বাজেট এই আলোচনায় প্রথমে কৃষিখাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেন এনবিআর কর্মকর্তারা। পরে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হয়। সেখানে এসব সংগঠনের নেতারা কর সংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রস্তাব জানান। প্রতিবছর বাজেটের আগে বিভিন্ন খাতভিত্তিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে এনবিআর। রোববার দুইটি খাতের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা হয়। বাংলাদেশ ট্যারিফ কমিশনের কর্মকর্তা বেলাল হোসেন মোল্লা বলেন, “বাংলাদেশে মটরসাইকেল উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। দুটি দেশি প্রতিষ্ঠান নিজেরাই গাড়ি উৎপাদন করছে। এই খাতকে রক্ষা করার জন্য এ ধরনের প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির ওপর শুল্ক হ্রাস করা দরকার। তাহলে এরা বিদেশ থেকে আমদানি করা মটরসাইকেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।” বাংলাদেশ মটরসাইকেল ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, গাড়ির কিছু যন্ত্রাংশের ওপর আগে কর ১২ শতাংশ থাকলেও সেটি বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। বর্ধিত কর প্রত্যাহারের জন্য তিনি অনুরোধ করেন। দেশীয় টায়ার নির্মাণ শিল্প রক্ষায় কর রেয়াত সুবিধা দেওয়ার জন্য এনবিআর কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন গোলাম দস্তগীর গাজী। লঞ্চ মালিক সমিতির নেতারা দাবি করেন, ড্রেজিং সমস্যার কারণে দেশের লঞ্চ ব্যবসায় ক্ষতি হচ্ছে। তাই এই খাতের ওপর থেকে কর কমানো দরকার। তবে একেকটি খাতে এত সংগঠনের অস্তিত্ব দেখে বিস্ময় প্রকাশ করেন এএনবিআর সদস্য মো. ফরিদ উদ্দিন। তিনি বলেন, “মাত্র একটি সেক্টরে আপনাদের যদি এতগুলো সংগঠন থাকে তাহলে আপনাদের দাবি-দাওয়া নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই।” অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন জানান, এই সভা থেকে পাওয়া প্রস্তাব ও সুপারিশগুলো এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্লেষণ করে ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/পিডি/২১২০ ঘ.