মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক বাণিজ্য মেলার ১১তম আসরে প্রথমবারের মতো সংযোজিত ‘পর্যটন মেলা’ দর্শনার্থীদের কাছে এবার বিশেষ আকর্ষণ হিসাবে হাজির হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার মেলার তৃতীয় এবং শেষ দিনে পণ্য বেচাকেনার পাশাপাশি মেলার ৫০টি পর্যটন সংস্থার স্টলে পর্যটনে আগ্রহী দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক বিকর্ণ কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহির্বিশ্ব এমনকি দেশের মানুষের কাছে পর্যটন শিল্পকে একটা ব্র্যান্ড হিসাবে হাজির করার ধারণা থেকে এবারই প্রথমবারের মতো সার্ক বাণিজ্য মেলায় পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয়।”
“মেলার সেমিনারে পঠিত চারটি প্রবন্ধের মধ্যে তিনটিই পর্যটন বিষয়ক। আর মাত্র একটি বাণিজ্য বিষয়ক।”
দি বেঙ্গল ট্যুরস লিমিটেডের অন্যতম নির্বাহী এম এ সামাদ চৌধুরী বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা ভালো সাড়া পাচ্ছি। আমাদের দেশের ভিতরেই কী কী আছে সেটা দেশের মানুষেরাই অনেকে জানে না। বিষয়টি এবারের মেলায় নতুন মাত্রা যোগ করেছে।”
পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে জানিয়ে পর্যটন সংস্থা হলিডে এক্সপ্রেসের সিনিয়র সেলস এক্সিকিউটিভ শেখ গোলাম কাদির বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার ফিডব্যাক খুবই ভালো। আমরা কিছু কিছু বুকিংও পাচ্ছি। এমনিতে সার্ক দেশগুলোর প্রতি ট্যুরিস্টদের আগ্রহ ভালো। এই অবস্থায় এরকম একটি মেলা পর্যটন শিল্পকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফদালীন বিন হক বলেন, “আমরা বন্ধুরা প্রতিবছরই কোনো না কোনো জায়গায় বেড়াতে যেতে চাই। এই মেলা এক জায়গা থেকেই আমাদের সব ধরনের তথ্য পেতে সাহায্য করছে।”
গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া সার্ক বাণিজ্য ও পর্যটন মেলার এই আসরে ২ লাখের বেশি দর্শক সমাগমের আশা থাকলেও সেই সংখ্যা মেলার দ্বিতীয় দিনেই অতিক্রম করেছে বলে জানান বিকর্ণ কুমার ঘোষ।
তিনি বলেন, “আশা করছি মেলার শেষ দিনে দর্শক সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে।”
তিনি জানান, মেলার ৩০০টি স্টলের মধ্যে বিদেশি স্টল ৭৫টি। এর মধ্যে ভারতের ৩০টি, পাকিস্তানের ১৮টি, ভুটান ও নেপালের ১০টি করে এবং শ্রীলঙ্কার ৭টি স্টল। তবে সার্কভুক্ত দেশের মধ্যে আফগানিস্তান এবং মালদ্বীপ এবারের মেলায় অংশ নেয়নি।
বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো এ মেলা আয়োজন করে। এর আগে ২০০৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এই মেলা হয়। মেলায় তৈরি পোশাক, ঔষধ, কৃষি যন্ত্রাংশ ও কৃষি পণ্য, আসবাবপত্র, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্য স্থান পায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল হলের বাইরে আরো তিনটি হলে স্টলগুলোতে বেচা কেনা চলে।
এই মেলা সার্কভুক্ত দেশগুলোর রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কী প্রভাব রাখতে পারে- এমন এক প্রশ্নের জবাবে ভারতের কলকাতা থেকে আসা স্কুলশিক্ষক অনুতোষ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেমন কোনো প্রভাবই রাখতে পারে না। মেলাটিকে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে পারলে একটা কাজের কথা হতে পারে। কারণ ঢাকার এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খুব অল্প সংখ্যক সাধারণ মানুষের আসার সুযোগ রয়েছে।”
পর্যটনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি খেদ প্রকাশ করে বলেন, “আমার নিজেরই ভারত থেকে বাংলাদেশে আসার জন্য অনেক ভোগান্তির পর ভিসা পেতে তিন মাসেরও বেশি সময় লেগেছে। শুনেছি বাংলাদেশ থেকে ভারতের ভিসা পাওয়াটা আরো কঠিন। এরকম হলে বেড়ানোর ইচ্ছাটাই মরে যায়।”
তাই সার্কভুক্ত দেশগুলোর সাধারণ মানুষের আন্তসম্পর্ক উন্নয়নের জন্য পাসপোর্ট এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২২৫৭ ঘ.
bdnews24