ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুনাফার লোভ দেখিয়ে নিরীহ মানুষকে প্রতারণা থেকে রক্ষা করতে দ্রুত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) আইন প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে ডেসটিনিসহ এই ধরনের এমএলএম কোম্পানির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে অনুরোধ জানানো হবে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম।
তিনি বলেন, “এ ধরনের কোম্পানি জনগণের সঙ্গে প্রতারণা করছে। অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংককে অবৈধ ব্যাংকিং ও ব্যবসা বন্ধ করার জন্য চিঠি দেব। শিগগির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”
এমএলএম’র অবৈধ ব্যবসার ওপর নজরদারি বাড়াতে আরো পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।
কমিটি সভাপতি জানান, এমএলএম আইন শিগগির সংসদে উত্থাপনের সুপারিশও করেছেন তারা।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএলএম’র নামে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে দেশের বহু নিরীহ মানুষকে প্রতারিত করছে বিধায় দেশের নিরীহ লোকদের প্রতিনিয়ত প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে দ্রুত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) আইন প্রণয়নের সুপারিশ করা হয়।
গত বছরের ৬ মার্চ তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খান সংসদে জানান, দেশে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৬২। এ ব্যবসাকে নীতিমালার আওতায় আনতে আইন প্রণয়ন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএলএম কোম্পানির নামগুলো তুলে ধরে তখন ফারুক খান জানান, ডেসটিনি-২০০০ এর গ্রাহক সংখ্যা প্রায় ৪৫ লাখ। অন্যান্য কোম্পানির প্রকৃত গ্রাহক সংখ্যা কিংবা সর্বমোট গ্রাহক সংখ্যা কম।
পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার সুপারিশ
সংসদীয় কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
কমিটি মনে করছে, বর্তমানে বেশিরভাগ পণ্যের সরবরাহ এবং মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে থাকলেও ভোজ্য তেল ও ডিম ব্যতিক্রম।
ভোজ্য তেল এবং ডিমের দাম দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে আসন্ন রমজানে সয়াবিন, পামওয়েল, চিনি, চাল, ডাল, গম, ছোলা, আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনো মরিচ, লবণ ও গুঁড়ো দুধ জাতীয় ১৬টি পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে এখন থেকেই তৎপর হতে সরকারের প্রদি সুপারিশ জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৪৭ ঘ.
bdnews24