২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের চ্যালেঞ্জ পণ্য ও বাজার বৈচিত্র্য: ল্যামি

বাংলাদেশের জন্য পণ্য ও বাজারের বৈচিত্র্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল ল্যামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জন্য পণ্য ও বাজারের বৈচিত্র্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল ল্যামি। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারের প্রতি মনোযোগ খুব বেশি এবং চীন, ভারত ও থাইল্যান্ডের সঙ্গে তেমন বাণিজ্য নেই।” শনিবার টঙ্গীতে বেক্সিমকো ফার্মার কারখানা ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সমাবর্তন বক্তা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন অনুষ্ঠানে নেওয়া ল্যামি। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৭৫ ভাগ আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় তৈরি পোশাক রপ্তানি করে। বাণিজ্য সংক্রান্ত মেধাসত্ত্বের (টিআরআইপিএস) আওতায় স্বল্পোন্নত দেশগুলোকে সুবিধা দেওয়ার বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার অবস্থান জানতে চাইলে প্যাসকেল ল্যামি বলেন, এ সংস্থার সদস্য দেশগুলোই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশও এর সদস্য। ২০১৩ সালের শেষ দিকে টিআরআইপিএস-এর আওতায় স্বল্পোন্নত দেশগুলোকে সুবিধা দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি। অবশ্য তিনি বলেন, “কিন্তু এটা সমস্যা নয়। সমস্যা হলো ওই সময়ের আগেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে।” স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ টিআরআইপিএস’র আওতায় বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর টিআরআইপিএস সুবিধা প্রদানের মেয়াদ শেষ হবে। ডব্লিউটিও’র কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ডব্লিউটিও’র নীতিমালার নবম সংস্করণ নিয়ে মতভেদ রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার আট ধরনের নীতিমালা থাকার কথা উল্লেখ করে প্যাসকেল ল্যামি বলেন, “বর্তমানেরটি দিয়ে আমরা দক্ষতার সঙ্গে এবং যথাযথভাবে কাজ চালাচ্ছি। নবম সংস্করণ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের কিছু মতভেদ রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২১৫ ঘ.